রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

লেবাননে ইসরায়েলি হামলায় ২ বাংলাদেশি নিহত পরিচয় শনাক্ত

দিনাজপুর টিভি ডেস্ক

মে ১২, ২০২৬, ১১:০৯ এএম

লেবাননে ইসরায়েলি হামলায় ২ বাংলাদেশি নিহত পরিচয় শনাক্ত

নিহতদের মরদেহ হাসপাতালে রাখা হয়েছে

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের ড্রোন হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত করা হয়েছে। সোমবার স্থানীয় সময় দুপুর ১২টার দিকে এই হামলার ঘটনা ঘটে। নিহত দুজনই সাতক্ষীরা জেলার বাসিন্দা ছিলেন বলে নিশ্চিত করেছে বৈরুতের বাংলাদেশ দূতাবাস।

নিহতরা হলেন সাতক্ষীরা সদর উপজেলার ভালুকা চাঁদপুর গ্রামের আফসার আলীর ছেলে শফিকুল ইসলাম এবং আশাশুনি উপজেলার কাদাকাটি গ্রামের মো. আবদুল কাদেরের ছেলে মো. নাহিদুল ইসলাম। বৈরুতের বাংলাদেশ দূতাবাস এক শোকবার্তায় তাদের পরিচয় নিশ্চিত করে জানিয়েছে, নিহত দুই বাংলাদেশির মরদেহ বর্তমানে নাবাতিয়ের নাবিহ বেররি হাসপাতালে রাখা হয়েছে।

দূতাবাসের পক্ষ থেকে নিহত ব্যক্তিদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে। এর আগে সোমবার রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা লেবাননে বাংলাদেশ দূতাবাসের বরাত দিয়ে দুই বাংলাদেশি কর্মীর মৃত্যুর প্রাথমিক তথ্য নিশ্চিত করেছিলেন।

লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশিদের প্রাণহানির ঘটনা এর আগেও ঘটেছে। গত ৮ এপ্রিল বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় দিপালী বেগম নামে এক বাংলাদেশি নারী শ্রমিক নিহত হয়েছিলেন। সোমবারের ড্রোন হামলায় আরও দুই বাংলাদেশির মৃত্যুর ঘটনায় প্রবাসীদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার বিষয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া ও দূতাবাসের মাধ্যমে স্বজনদের সঙ্গে যোগাযোগ রক্ষা করা হচ্ছে। বর্তমানে মধ্যপ্রাচ্যের সংঘাতপূর্ণ এই অঞ্চলে অবস্থানরত অন্যান্য বাংলাদেশিদের সতর্ক থাকতে পরামর্শ দেওয়া হয়েছে।