শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬,

গুলিস্তানে মারামারি করা দুই ট্রাফিক কনস্টেবল বরখাস্ত

দিনাজপুর টিভি ডেস্ক

মে ২৩, ২০২৬, ০৭:২৪ পিএম

গুলিস্তানে মারামারি করা দুই ট্রাফিক কনস্টেবল বরখাস্ত

রাজধানীর গুলিস্তানে চলন্ত সড়কের মাঝে হাতাহাতিতে লিপ্ত হওয়া দুই ট্রাফিক কনস্টেবল বরখাস্ত হয়েছেন। রাস্তায় পোশাক পরিহিত অবস্থায় মারামারি করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এই বিভাগীয় ব্যবস্থা নেওয়া হলো। সাময়িকভাবে বরখাস্ত হওয়া এই দুই পুলিশ সদস্য হলেন ট্রাফিক কনস্টেবল দিলীপ চন্দ্র ও নুরুজ্জামান।

শনিবার ডিএমপির ট্রাফিক মতিঝিল বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. মইনুল হক এই আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, ঘটনাটি গত ২১ মে দুপুরের দিকে জিপিও মোড় এলাকার। 

ওই সময় তারা দুজনেই ইউনিফর্ম পরা অবস্থায় ভিন্ন ভিন্ন পয়েন্টে সরকারি দায়িত্ব পালন করছিলেন। মূলত একটি যাত্রীবাহী যানবাহন সিগন্যাল অমান্য করে চলে যাওয়াকে কেন্দ্র করে তাদের মধ্যে প্রথমে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা প্রকাশ্য সড়কে হাতাহাতিতে রূপ নেয়, যা সাধারণ মানুষের মাঝে বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে।

সরকারি ইউনিফর্ম পরা অবস্থায় জনসমক্ষে এমন আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে প্রশাসন জানিয়েছে।ডিউটিরত অবস্থায় সহকর্মীদের মধ্যে কোনো মতবিরোধ তৈরি হলে তা তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো উচিত ছিল। 

এভাবে প্রকাশ্য রাজপথে হাতাহাতির ঘটনাটি সরাসরি গুরুতর শৃঙ্খলা ভঙ্গের শামিল। পুলিশ সূত্র জানিয়েছে, সাময়িক বরখাস্ত থাকাকালীন বিধি অনুযায়ী তারা রেশনের কিছু সুবিধা পেলেও এই সময়ে পূর্ণ বেতন-ভাতা পাবেন না দায়িত্ব পালনকালে মারামারি করা সেই দুই ট্রাফিক কনস্টেবল সাময়িক বরখাস্ত।