মে ২৪, ২০২৬, ০৬:৪৩ পিএম
মেট্রোরেলের একক যাত্রার টিকিটে প্রবীণ নাগরিক ও প্রতিবন্ধীদের জন্য ২৫ শতাংশ বিশেষ ছাড় চালু করা হচ্ছে। আগামীকাল সোমবার থেকে যাত্রীরা এই সুবিধা পাবেন। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
আগামীকাল দুপুরে ফার্মগেট স্টেশনে কার্যক্রমটির উদ্বোধন করবেন সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।
৬৫ বছর বা তার বেশি বয়সী প্রবীণরা জাতীয় পরিচয়পত্র দেখিয়ে এই ছাড় সুবিধা নিতে পারবেন। এছাড়া সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে ইস্যু করা ‘সুবর্ণ’ পরিচয়পত্রধারী প্রতিবন্ধী বা বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিরাও একক যাত্রা টিকিটে ২৫ শতাংশ ছাড় পাবেন। সংশ্লিষ্ট স্টেশনের কাউন্টারে এই পরিচয়পত্র প্রদর্শনের মাধ্যমে সুবিধাটি পাওয়া যাবে বলে ডিএমটিসিএল জানিয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন