মে ২৫, ২০২৬, ০৮:০৬ পিএম
রাজধানীর মিরপুর-১১ নম্বরের কালশী বাউনিয়াবাদ বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার সন্ধ্যা ৭টার দিকে আগুনের সূত্রপাত হয় বলে স্থানীয়ভাবে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলের দিকে রওনা দিয়েছে।
বর্তমানে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে।ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেল কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ সম্পর্কে এখনো কিছু জানা সম্ভব হয়নি। বস্তি এলাকাটি ঘনবসতিপূর্ণ হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা সম্ভব হয়নি।আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের কর্মীদের সাথে স্থানীয়রাও সহায়তার চেষ্টা করছেন। বস্তি এলাকার সরু গলি হওয়ায় অগ্নিনির্বাপক বাহিনীর গাড়ি পৌঁছাতে হিমশিম খেতে হচ্ছে।
ফায়ার সার্ভিসের পক্ষ থেকে চূড়ান্ত প্রতিবেদন পাওয়ার পর আগুনের ভয়াবহতা সম্পর্কে বিস্তারিত জানা যাবে। ঘটনাস্থলে এখন পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও উপস্থিত হয়েছেন।উদ্ধার তৎপরতা এখনো অব্যাহত রয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন