রবিবার, ১১ অক্টোবর, ২০২৬,

পঞ্চগড়ে করতোয়া নদীতে মর্টার শেল উদ্ধার

আবু সালেহ মোঃ রায়হান

মে ২৬, ২০২৬, ০২:২৯ পিএম

পঞ্চগড়ে করতোয়া নদীতে মর্টার শেল উদ্ধার

ছবি-দিনাজপুর টিভি

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় করতোয়া নদী থেকে পরিত্যক্ত অবস্থায় একটি ৮২ মিলিমিটার মর্টার শেল উদ্ধার করা হয়েছে। সোমবার সন্ধ্যায় দেবনগর ইউনিয়নের ময়নাগুড়ি বিওপি এলাকার বাংলার চর নামক স্থানে শ্রমিকরা বালু তোলার সময় শেলটি দেখতে পান। 

এটি সীমান্তের মেইন পিলার ৪২৫-এর কাছাকাছি বাংলাদেশের অভ্যন্তরে পাওয়া গেছে।শেলটি উদ্ধার করার পর এখন নিরাপদ হেফাজতে রাখা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বালুর স্তূপের ভেতর শেলটি আটকে ছিল, যা বালু তোলার সময় উপরে উঠে আসে। বিষয়টি বিজিবি সদস্যদের জানানো হলে তারা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন এবং পুলিশকে খবর দেন। তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লাইছুর রহমান জানিয়েছেন, মর্টার শেলটি উদ্ধারের পর বর্তমানে তা পুলিশের তত্ত্বাবধানে নিরাপদ স্থানে রয়েছে।

আদালতের অনুমতি পেলে এটি নিষ্ক্রিয় করা হবে।ঘটনাটি আদালতকে আনুষ্ঠানিকভাবে অবগত করা হয়েছে। আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণের পাশাপাশি সেনাবাহিনীর বোম ডিস্পোজাল ইউনিটকে বিষয়টি জানানো হবে। 

সীমান্ত এলাকার মানুষ মর্টার শেল পাওয়ার ঘটনায় কিছুটা আতঙ্কিত হলেও বিজিবি ও পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকাটিতে বিশেষ নজরদারি বাড়ানো হয়েছে।উদ্ধার করা শেলটি বর্তমানে নিষ্ক্রিয় করার অপেক্ষায় রয়েছে।