সোমবার, ১২ অক্টোবর, ২০২৬,

পঞ্চগড়ে ৪৭ জন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে সংবর্ধনা

আবু সালেহ মোঃ রায়হান

মে ২৭, ২০২৬, ০৬:২৯ পিএম

পঞ্চগড়ে ৪৭ জন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে সংবর্ধনা

ছবি-দিনাজপুর টিভি

পঞ্চগড় সদর উপজেলার বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন ২০২৬ শিক্ষাবর্ষে ভর্তি হওয়ার গৌরব অর্জনকারী ৪৭ জন কৃতি শিক্ষার্থীকে বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় উপজেলা পরিষদ হলরুমে এই সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও শুভেচ্ছা উপহার তুলে দেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোসা শুকরিয়া পারভীন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানা।

স্বাগত বক্তব্যে ইউএনও জানান যে পুরো উপজেলার মধ্যে সর্বোচ্চ ১১ জন শিক্ষার্থী সুযোগ পেয়েছে ৮ নম্বর ধাক্কামারা ইউনিয়ন থেকে, যা স্থানীয়দের জন্য অত্যন্ত গৌরবজনক। 

জেলা প্রশাসক তাঁর বক্তব্যে সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও শিক্ষার্থীদের এমন চমৎকার সাফল্যের ভূয়সী প্রশংসা করেন এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে দেশপ্রেম ও মানবিক মূল্যবোধ ধরে রাখার আহ্বান জানান। সংবর্ধনা পাওয়া শিক্ষার্থীরা এই বিশেষ আয়োজনের জন্য প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ভবিষ্যতে দেশের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। 

অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, গণমাধ্যমকর্মী ও কৃতি শিক্ষার্থীদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন।শিক্ষা কার্যক্রমে সব ধরনের প্রশাসনিক সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন অতিথিরা।