জুন ৫, ২০২৬, ১১:০৯ পিএম
চট্টগ্রামের ফটিকছড়িতে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সমাবেশের ঘটনায় সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলমসহ ২৯ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার ফটিকছড়ি থানায় পুলিশ বাদী হয়ে এই মামলা করে। রাজনৈতিক মহলে এই মামলাটি নতুন আলোচনার জন্ম দিয়েছে।
মামলায় মোট ২৯ জনকে আসামি করা হয়েছে।পুলিশ জানিয়েছে, এজাহারভুক্ত ২৯ জনের মধ্যে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকি ২৭ জনকে পলাতক দেখানো হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন জামান বাবু ও সাইফুল ইসলাম সজিব।
এজাহারে বলা হয়েছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ফটিকছড়ি থানা এলাকার আশেকানা মাইজভান্ডারী আস্তানার পাশে পাকা সড়কের ওপর এই মিছিলটি বের করা হয়েছিল। আস্তানাটি সাবেক মেয়র মনজুরের মালিকানাধীন বলে জানা গেছে।
পুলিশ ঘটনাস্থল থেকে দুজনকে আটক করলেও বাকিরা পালিয়ে যায়।মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, সাবেক মেয়র মনজুর আলম ও সাবেক সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সনিসহ পলাতক অন্য আসামিদের নির্দেশ ও তত্ত্বাবধানে এই মিছিলের আয়োজন করা হয়েছিল। পুলিশের ভাষ্যমতে, মিছিলটি ছিল রাষ্ট্রকে অস্থিতিশীল এবং রাষ্ট্রের অবকাঠামো ধ্বংসের পরিকল্পনার অংশ। সন্ত্রাসবিরোধী আইনের সংশ্লিষ্ট ধারায় এই অভিযোগ আনা হয়েছে।
সাবেক মেয়র মনজুরকে একাধিকবার কল দিয়েও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।সাম্প্রতিক সময়ে মনজুর আলমকে কেন্দ্র করে এনসিপির মনোনয়নসহ বিভিন্ন রাজনৈতিক আলোচনার প্রেক্ষাপটে এই মামলাটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদে ও তদন্তের মাধ্যমে পুলিশ মামলার পরবর্তী কার্যক্রম পরিচালনা করবে বলে জানা গেছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন