বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

বদলে গেছে বিজিবি, চোখ রাঙাচ্ছে বিএসএফকে

দিনাজপুর টিভি ডেস্ক

জুন ৬, ২০২৬, ১১:২০ পিএম

বদলে গেছে বিজিবি, চোখ রাঙাচ্ছে বিএসএফকে

গত ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর দেশের বিভিন্ন সীমান্তে নিরাপত্তা ও স্থিতিশীলতায় দৃশ্যমান পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। ভারতের বিভিন্ন সীমান্ত দিয়ে বাংলাদেশে নাগরিকদের ঠেলে পাঠানোর বা পুশ-ইন চেষ্টার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ। সম্প্রতি লালমনিরহাট, পঞ্চগড়, নওগাঁ ও যশোরসহ একাধিক সীমান্ত এলাকায় সীমান্তরক্ষী বাহিনীর এই দৃঢ় অবস্থান অনুপ্রবেশের সব চেষ্টা প্রতিহত করেছে।

সীমান্ত এখন আর আগের মতো নতজানু নেই।লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার সাপ্পারবাড়ি সীমান্তে শনিবার দুপুরে ভারতীয় ১৫৬তম ব্যাটালিয়নের সদস্যরা এক ভারতীয় নাগরিককে জোরপূর্বক বাংলাদেশে প্রবেশের চেষ্টা চালায়। 

বিজিবির কালিরহাট সীমান্ত ফাঁড়ির সদস্যরা তাৎক্ষণিক বাধা দিলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী পিছু হটে। একই পরিস্থিতি তৈরি হয় পঞ্চগড় সদর উপজেলার বড়বাড়ি সীমান্তে, যেখানে নারী ও শিশুসহ দশজন প্রায় ৩০ ঘণ্টা ধরে শূন্যরেখায় আটকে আছেন। বিজিবি আইনগত প্রক্রিয়া ছাড়া তাদের বাংলাদেশে প্রবেশ করতে দিচ্ছে না এবং মানবিক কারণে শুকনো খাবার সরবরাহ করছে।

আইন অমান্য করে অনুপ্রবেশের কোনো সুযোগ নেই বলে জানিয়েছে বিজিবি।নওগাঁর সাপাহার সীমান্তেও ১৭ জনকে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ করে দেওয়া হয়, যাদের ১৯ ঘণ্টা পর বিএসএফ আবার ফিরিয়ে নিতে বাধ্য হয়। বেনাপোল সীমান্তেও প্রায় ১০ জন নাগরিককে ঠেলে পাঠানোর চেষ্টা প্রতিহত করা হয়েছে স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণে। বর্ডার গার্ড বাংলাদেশের ঊনপঞ্চাশতম ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে যাচাই-বাছাই ছাড়া জোরপূর্বক পুশ-ইন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

সীমান্তের এই পরিস্থিতি নিয়ে এখন কূটনৈতিক স্তরে আলোচনার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।বিভিন্ন সীমান্তে একাধিক পতাকা বৈঠক হলেও এখন পর্যন্ত কোনো স্থায়ী সমাধান মেলেনি। তবে বর্ডার গার্ড বাংলাদেশ স্পষ্ট করেছে যে, আন্তর্জাতিক আইন মেনেই তারা সীমান্ত রক্ষায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে।