জুন ৭, ২০২৬, ০৫:৪৪ পিএম
রাজশাহীতে এক এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। রোববার বেলা পৌনে ১টার দিকে নগরীর মতিহার থানাধীন কাজলা এলাকায় এই ঘটনা ঘটে।আহত শিক্ষার্থীর নাম নন্দিনী ঘোষ।তিনি স্থানীয় আদর্শ উচ্চ বিদ্যালয়ের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থী। ঘটনার সময় তিনি স্কুলের ব্যবহারিক খাতা প্রস্তুতের কাজে বিদ্যালয়ে এসেছিলেন।
কাজ শেষে ফেরার পথে এক অজ্ঞাত ব্যক্তি তাকে ডেকে নিয়ে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি হাসপাতালের ৩ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম কবীর জানান, ঘটনার খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহত শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে চিহ্নিত করে দ্রুত গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
স্কুলপড়ুয়া ছাত্রীকে প্রকাশ্যে ছুরিকাঘাতের ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। নিরাপত্তার অভাববোধ করছেন স্থানীয় অভিভাবকরা। পুলিশের পক্ষ থেকে অপরাধী শনাক্তে সিসিটিভি ফুটেজ পর্যালোচনাসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন