জুন ২৬, ২০২৬, ০৭:৪৪ পিএম
মাদককে না বলি, সুস্থ-সুন্দর সমাজ গড়ি—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীতে আন্তর্জাতিক মাদকদ্রব্য বিরোধী দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বেলা ১১টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব ও ক্রীড়া বিভাগ, নীলফামারী জেলা শাখার উদ্যোগে এই সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়।কর্মসূচিতে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ সাধারণ যুবকেরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
বর্ণাঢ্য র্যালিটি জামায়াতের জেলা কার্যালয় সংলগ্ন নীলফামারী আল-হেলাল একাডেমি প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক ও চৌরঙ্গী মোড় প্রদক্ষিণ করে। পরবর্তীতে নীলফামারী বড় বাজারে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে এই কর্মসূচির সমাপ্তি ঘটে। কর্মসূচিতে নীলফামারী জেলা শাখার যুব বিভাগের সভাপতি কাজী আব্দুল মালেক শাহ, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম, সদর উপজেলা আমীর মাওলানা আবু হানিফা শাহ এবং উপজেলা যুব বিভাগের সভাপতি আহমদ রায়হান উপস্থিত ছিলেন। এছাড়াও নীলফামারী শহর শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি সেলিমুদ্দিন ও সাবেক সভাপতি মাজেদুল ইসলামসহ অন্যান্য দায়িত্বশীলেরা এতে অংশ নেন।
র্যালি শেষে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা মাদকের ভয়াবহ ও মারাত্মক ক্ষতিকর দিকগুলো তুলে ধরে সমাজকে সম্পূর্ণ মাদকমুক্ত করার জোরালো আহ্বান জানান। তাঁরা বলেন, মাদক বর্তমান যুবসমাজকে ধ্বংসের অতল গহ্বরে নিয়ে যাচ্ছে, তাই একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রকে এই অভিশাপ থেকে মুক্ত করতে হলে কেবল প্রশাসনের ওপর নির্ভর না করে সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। উল্লেখ্য, মাদকের অপব্যবহার ও অবৈধ পাচার রোধে বিশ্বব্যাপী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতি বছর ২৬ জুন জাতিসংঘ ঘোষিত এই আন্তর্জাতিক দিবসটি গুরুত্বের সাথে পালন করা হয়।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন