রবিবার, ১১ অক্টোবর, ২০২৬,

১২ জুলাই পর্যন্ত বান্দরবানে বাড়ল ভ্রমণ নিষেধাজ্ঞা

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ৮, ২০২৬, ০৯:৫৯ পিএম

১২ জুলাই পর্যন্ত বান্দরবানে বাড়ল ভ্রমণ নিষেধাজ্ঞা

না অতিভারী বৃষ্টিপাত, পাহাড়ধসের ঝুঁকি এবং দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বান্দরবানে পর্যটকদের ভ্রমণ নিষেধাজ্ঞার মেয়াদ আগামী ১২ জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে। বুধবার (৮ জুলাই) সন্ধ্যায় বান্দরবানের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সানিউল ফেরদৌস স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নিষেধাজ্ঞা কার্যকর থাকা অবস্থায় জেলার সব পর্যটন কেন্দ্র, ঝরনা, পাহাড়ি ট্রেইল, নদীপথ ও অন্যান্য ঝুঁকিপূর্ণ এলাকায় পর্যটক, ট্যুর অপারেটর ও সর্বসাধারণের ভ্রমণ সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। জননিরাপত্তা নিশ্চিত করতেই জেলা প্রশাসন এই কঠোর পদক্ষেপ নিয়েছে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মৌসুমী বায়ুর প্রভাবে বান্দরবানে কয়েকদিন ধরে টানা অতিভারী বৃষ্টিপাত হচ্ছে। এতে পাহাড়ধস, পাহাড়ি ঢল ও নদ-নদীর পানি বেড়ে বিভিন্ন এলাকায় ঝুঁকিপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দুর্ঘটনা এড়াতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ভ্রমণ নিষেধাজ্ঞার মেয়াদ বৃদ্ধি করা হয়েছে।

সম্প্রতি থানচি উপজেলার দুর্গম এলাকায় ভারী বৃষ্টির কারণে প্রায় ৯০ জন পর্যটক আটকা পড়েছিলেন। পরে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট সংস্থার সমন্বিত উদ্যোগে তাদের নিরাপদে উদ্ধার করা হয়। আবহাওয়া পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত সরকারি নির্দেশনা মেনে পর্যটকদের বান্দরবান ভ্রমণ থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছে জেলা প্রশাসন।