বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

বাংলাদেশের সেরা ১০ পর্যটন কেন্দ্র পাহাড় থেকে সমুদ্রের গল্প

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ১৩, ২০২৬, ০৩:৩৯ পিএম

বাংলাদেশের সেরা ১০ পর্যটন কেন্দ্র পাহাড় থেকে সমুদ্রের গল্প

আয়তনে ছোট হলেও প্রাকৃতিক সৌন্দর্যের এক বিশাল ভান্ডার লুকিয়ে আছে বাংলাদেশে। মেঘ ছুঁয়ে থাকা পাহাড়, অন্তহীন সমুদ্রের ঢেউ, রহস্যময় গহীন জঙ্গল আর সবুজে মোড়ানো চা বাগান—সব মিলিয়ে এক অপরূপ বৈচিত্র্যের সমাহার। দেশের দুই প্রান্তের ভৌগোলিক সীমানাকে এক সুতোয় গেঁথে থাকা এই সৌন্দর্য যেকোনো পর্যটককে মুগ্ধ করতে বাধ্য। আজ আমরা জানব দেশের এমন সেরা দশটি পর্যটন গন্তব্য সম্পর্কে।

চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড বর্তমানে দেশের অন্যতম জনপ্রিয় একটি অ্যাডভেঞ্চার পর্যটন স্থান। পাহাড়, ঝরনা আর জঙ্গলের অপূর্ব মিশেলে তৈরি হয়েছে এই এলাকার সৌন্দর্য, যা ঢাকার খুব কাছাকাছি হওয়ায় সহজেই ভ্রমণ করা যায়। এখানকার প্রধান আকর্ষণ পাহাড়ি ঝরনা ও ট্রেকিং পথ। সীতাকুণ্ড ইকোপার্ক এবং চন্দ্রনাথ পাহাড় এখানকার বিখ্যাত গন্তব্য। চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায় উঠলে একপাশে সমুদ্র আর অন্যপাশে সবুজ পাহাড়ের অসাধারণ দৃশ্য চোখে পড়ে। সীতাকুণ্ডে ভ্রমণের সবচেয়ে ভালো সময় জুন থেকে অক্টোবর।

বাংলাদেশের চায়ের রাজধানী হিসেবে খ্যাত শ্রীমঙ্গলে ব্রিটিশ আমল থেকেই চা চাষের সূচনা হয়। পাহাড়জুড়ে বিস্তৃত সবুজ চা বাগান প্রকৃতিপ্রেমীদের মন নিমেষেই কেড়ে নেয়। এখানে রয়েছে বিখ্যাত লাউয়াছড়া জাতীয় উদ্যান, যা জীববৈচিত্র্য ও বিভিন্ন প্রজাতির পাখি ও বানরের জন্য সুপরিচিত। এ ছাড়া এখানকার লাসুবন গিরিখাতের সৌন্দর্যও পর্যটকদের প্রবলভাবে আকর্ষণ করে।

হাওড় অঞ্চলের রানি সুনামগঞ্জ বর্ষাকালে এক বিশাল জলরাশিতে পরিণত হয়। তখন ছোট ছোট গ্রামগুলোকে মনে হয় যেন নদীর মাঝখানে ভাসমান এক একটি দ্বীপ। এই জেলার টাঙ্গুয়ার হাওড় দেশের অন্যতম সুন্দর হাওড়, যেখানে শীতকালে হাজার হাজার অতিথি পাখি ভিড় জমায়। সূর্যাস্তের সময় হাওড়ের পানির ওপর লাল আলোর প্রতিফলন এক অপূর্ব দৃশ্যের অবতারণা করে।

পাহাড় আর হ্রদের শহর রাঙ্গামাটির প্রধান আকর্ষণ কাপ্তাই হ্রদ। ১৯৬০ সালে কাপ্তাই বাঁধ নির্মাণের ফলে দেশের সবচেয়ে বড় এই কৃত্রিম হ্রদটির সৃষ্টি হয়। হ্রদের চারপাশে পাহাড় আর নীল পানির দৃশ্য পর্যটকদের জন্য এক অনন্য অভিজ্ঞতা। এ ছাড়া এখানকার ফুরমোন পাহাড়ের ওপর থেকে পুরো রাঙ্গামাটির অসাধারণ দৃশ্য উপভোগ করা যায়। ঝরনা ও মেঘ দেখতে হলে আগস্ট থেকে অক্টোবর এবং হ্রদের নীল জল দেখতে নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যে রাঙ্গামাটি ভ্রমণ করা সবচেয়ে ভালো।

দেশের উত্তর-পূর্বে অবস্থিত সিলেট যেন সবুজে ঘেরা এক স্বর্গরাজ্য। উঁচু-নিচু পাহাড়, আঁকাবাঁকা নদী আর বিস্তীর্ণ চা বাগান মিলে এখানে এক মনোমুগ্ধকর পরিবেশ তৈরি হয়েছে। জাফলং ও লালাখাল এখানকার সবচেয়ে জনপ্রিয় স্থান। ভারতের মেঘালয় থেকে নেমে আসা নদীর স্বচ্ছ পানি সিলেটের সৌন্দর্য বহুগুণ বাড়িয়ে দেয়, বিশেষ করে বর্ষাকালে এই অঞ্চল তার পরিপূর্ণ রূপে ধরা দেয়।

পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবনের নাম এসেছে এখানকার বিখ্যাত ‍‍`সুন্দরী‍‍` গাছ থেকে। রয়েল বেঙ্গল টাইগারের আবাসস্থল এই বনের নদী আর জঙ্গলের মিশ্রণ এক রহস্যময় পরিবেশ তৈরি করে। একসময় জলদস্যুদের অভয়ারণ্য হিসেবে পরিচিত এই বনে নৌকায় করে ঘোরা পর্যটকদের জন্য এক রোমাঞ্চকর অভিজ্ঞতা।

পৃথিবীর দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকত কক্সবাজারের দৈর্ঘ্য প্রায় ১২০ কিলোমিটার। ব্রিটিশ কর্মকর্তা ক্যাপ্টেন হিরাম কক্সের নামানুসারে এই পর্যটন শহরের নামকরণ হয়। বিশাল বালুকাবেলা, সমুদ্রের ঢেউ এবং মনোমুগ্ধকর সূর্যাস্ত—এই তিনটিই কক্সবাজারের প্রধান আকর্ষণ। পর্যটকদের কাছে ইনানি ও হিমছড়িও বেশ জনপ্রিয়। নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস কক্সবাজার ভ্রমণের জন্য সবচেয়ে উপযোগী সময়।

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় পাহাড়ের চূড়ায় অবস্থিত সাজেক ভ্যালিকে বলা হয় ‍‍`মেঘের রাজ্য‍‍`। ভোরবেলা সূর্য ওঠার সময় চারদিকে শুধু মেঘ আর পাহাড়ের সমুদ্র দেখা যায়। এখানে লুসাই ও পাংখোয়া আদিবাসীদের বসবাস রয়েছে। সাজেক ভ্রমণের সেরা সময় হলো অক্টোবর থেকে মার্চ মাস।

বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন স্থানীয়দের কাছে ‍‍`নারকেল জিঞ্জিরা‍‍` নামে পরিচিত। প্রায় ১০০ বছর আগে আরাকান থেকে আসা জেলেরা এখানে প্রথম বসতি স্থাপন করে। স্বচ্ছ নীল পানি আর সাদা বালুর সৈকত এই দ্বীপকে করেছে অনন্য। তবে গত বছর পর্যটকদের জন্য এখানে জাহাজ চলাচল মাত্র দুই মাস (১ ডিসেম্বর থেকে ৩১ জানুয়ারি) চালু ছিল এবং বর্তমানে দ্বীপটি পর্যটকদের জন্য পুরোপুরি বন্ধ রয়েছে।

বাংলাদেশের সবচেয়ে সুন্দর পাহাড়ি জেলা বান্দরবানের নামকরণের পেছনে পাহাড়ি ঝরনায় বানরের পানি খাওয়ার একটি গল্প প্রচলিত আছে। দেশের সর্বোচ্চ পাহাড় সাকা হাফং, কেওক্রাডং, তাজিংডং এবং বগালেক ও নীলগিরির মতো বিখ্যাত স্থানগুলো এই জেলাতেই অবস্থিত। মারমা, বম, চাকমা ও ম্রো সম্প্রদায়ের জীবনযাপন বান্দরবানকে করেছে আরও বৈচিত্র্যময়। এই দশটি জায়গার বাইরেও দেশের আনাচে-কানাচে ছড়িয়ে আছে অসংখ্য অপরূপ স্থান, যার সৌন্দর্য এখনো অনেকের কাছেই অজানা।