রবিবার, ১১ অক্টোবর, ২০২৬,

লামায় পাহাড় ধসে এক শিশুসহ ৫ জনের মর্মান্তিক মৃত্যু

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ৯, ২০২৬, ১০:১২ এএম

লামায় পাহাড় ধসে এক শিশুসহ ৫ জনের মর্মান্তিক মৃত্যু

বান্দরবানের লামা উপজেলায় পাহাড় ধসে এক শিশুসহ দুই পরিবারের পাঁচজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৯ জুলাই) ভোরে উপজেলার আজিজনগর ইউনিয়নের মিশনপাড়ায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতরা হলেন মো. ইউনুছ (২৮), তার স্ত্রী রানু আক্তার (২২) ও তাদের চার বছরের ছেলে মো. সোলেমান, এবং অপর পরিবারের জুয়েল (২৭) ও তার স্ত্রী কুলসুমা আক্তার (২৩)।

স্থানীয় সূত্র জানায়, গত রবিবার থেকে এলাকায় মুষলধারে বৃষ্টি শুরু হয়। টানা বৃষ্টির ফলে বৃহস্পতিবার ভোর চারটার দিকে আচমকা পাহাড় ধসে মো. ইউনুছ ও জুয়েলের ঘরের ওপর মাটি ও পাথর পড়ে। খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যরা স্থানীয়দের সহায়তায় উদ্ধারকাজ শুরু করেন। তবে এর আগেই দুই পরিবারের পাঁচজন সদস্য মাটিচাপা পড়ে মারা যান।

একই রাতে দেড়টার দিকে ইউনিয়নের উত্তরপাড়ায় আজিজনগর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য রেহানা বেগমের ঘরেও পাহাড় ধসে পড়ে। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে লোহাগড়া উপজেলার মা মনি জেনারেল হাসপাতালে ভর্তি করেছেন।

আজিজনগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোবারক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। লামা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কাইছার হামিদ জানান, নিহতদের লাশ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈন উদ্দিন জানান, ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। গত চার দিন ধরে প্রশাসনের পক্ষ থেকে পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের নিরাপদে সরে যাওয়ার জন্য বারবার সতর্কবার্তা দেওয়া হয়েছিল। অনেকেই প্রশাসনের তাগাদা গুরুত্ব না দিয়ে ঝুঁকি নিয়ে বসবাস করছিলেন। প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিবারকে সার্বিক সহযোগিতা প্রদান করা হবে।