জুলাই ১০, ২০২৬, ১০:২০ পিএম
চট্টগ্রাম জেলায় টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট আকস্মিক বন্যা পরিস্থিতি মোকাবিলায় সাতটি উপজেলায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। শুক্রবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বেসামরিক প্রশাসনকে সহায়তার লক্ষ্যে ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় সেনাবাহিনী উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনা করছে।চট্টগ্রাম জেলা প্রশাসকের জরুরি অনুরোধের প্রেক্ষিতে বাংলাদেশ সেনাবাহিনীর দশম ও চব্বিশতম পদাতিক ডিভিশন বন্যাদুর্গত উপজেলাগুলোতে কাজ শুরু করেছে।
টানা ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে চট্টগ্রামের লোহাগাড়া, সাতকানিয়া, চন্দনাইশ ও বাঁশখালী উপজেলা ব্যাপকভাবে প্লাবিত হয়েছে। এতে এসব এলাকার প্রায় চার লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। এই সংকটময় পরিস্থিতিতে দশম পদাতিক ডিভিশনের সদস্যরা জরুরি ভিত্তিতে উদ্ধারকারী দল ও প্রয়োজনীয় সরঞ্জামাদি নিয়ে মাঠে নেমেছে। আটকে পড়া মানুষদের উদ্ধারে তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
এছাড়া ভারী বর্ষণের ফলে চট্টগ্রামের বোয়ালখালী, হাটহাজারী ও ফটিকছড়ি উপজেলাতেও ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এই উপজেলাগুলোতে জরুরি উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনার দায়িত্ব পেয়েছে চব্বিশতম পদাতিক ডিভিশন। উদ্ধার অভিযান ও ত্রাণ বিতরণ কার্যক্রম দ্রুত এবং সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার লক্ষ্যে তারা দুর্গত এলাকায় তিনটি ক্যাম্প স্থাপন করেছে।
সেনাবাহিনী বরাবরের মতোই দেশের যেকোনো প্রাকৃতিক দুর্যোগে বেসামরিক প্রশাসনের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে বদ্ধপরিকর। উদ্ধার অভিযান পরিচালনার পাশাপাশি দুর্গত এলাকার মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে তারা সার্বক্ষণিক তৎপর রয়েছে। বন্যা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক না হওয়া পর্যন্ত সেনাবাহিনীর এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে আইএসপিআর বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন