জুলাই ২২, ২০২৬, ০২:৪৬ পিএম
সাতক্ষীরা-চার আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে এবার হত্যাচেষ্টা, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের গুরুতর অভিযোগ তুলেছেন তার সাবেক গাড়িচালক ও ব্যক্তিগত সহকারী ওবায়দুর রহমান। গত ২০ জুলাই ২০২৬ তারিখে স্বরাষ্ট্রমন্ত্রীর মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর পাঠানো একটি আনুষ্ঠানিক আবেদনপত্রে এই চাঞ্চল্যকর অভিযোগগুলো উত্থাপন করা হয়।
সম্প্রতি একটি ব্যক্তিগত ভিডিও কেলেঙ্কারির ঘটনায় দেশজুড়ে আলোচনা চলার মধ্যেই এই নতুন আইনি ও রাজনৈতিক জটিলতা তৈরি হলো।জীবন রক্ষার্থে তিনি বর্তমানে আত্মগোপনে রয়েছেন।ওবায়দুর রহমান তার আবেদনে দাবি করেছেন যে তিনি সংসদ সদস্যের বিভিন্ন অনিয়ম ও কর্মকাণ্ডের সুনির্দিষ্ট বিষয়গুলো সম্পর্কে অবগত থাকায় তাকে পরিকল্পিতভাবে হত্যার চেষ্টা করা হয়েছে।
গত ১৪ জুলাই রাতে রাজধানীর পল্লবী থানার উত্তর কালশীর আলীনগর এলাকার একটি ফ্ল্যাটে তাকে লাঠিসোটো দিয়ে মারধর করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। ওই হামলায় সাবেক এক পুলিশ সদস্যসহ বেশ কয়েকজন অংশ নিয়েছিল বলে তিনি দাবি করেন। পরে গুরুতর আহত অবস্থায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে তাকে ভর্তি করা হয়।
ওবায়দুর রহমান তার আবেদনে আরও উল্লেখ করেন যে সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ক্ষমতার অপব্যবহার করে এলাকার বিভিন্ন জমি ও বালুমহাল দখল, ঘুস গ্রহণ এবং নিজস্ব মব বাহিনী পরিচালনা করে আসছেন। এর পাশাপাশি চলতি বছরের জুন ও জুলাই মাসের বিভিন্ন সময়ে এক তরুণীকে নিয়ে বিভিন্ন স্থানে অবস্থানের নানা তথ্য ও অভিযোগও তিনি তুলে ধরেন। তবে এসব অভিযোগের সমর্থনে কোনো সুনির্দিষ্ট প্রামাণ্য নথি আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত আছে কিনা, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি।
এই গুরুতর অভিযোগ ও উদ্ভূত পরিস্থিতির বিষয়ে বক্তব্য জানার জন্য সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। ব্যক্তিগত ভিডিওর সাম্প্রতিক বিতর্কের পর সাবেক চালকের এই নতুন আবেদনপত্র রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোচনার জন্ম দিয়েছে। সংশ্লিষ্ট মহল মনে করছে, এই অভিযোগের সত্যতা যাচাই করতে প্রশাসনিক তদন্ত প্রয়োজন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন