জুলাই ২৩, ২০২৬, ০১:১০ পিএম
সামাজিক যোগাযোগমাধ্যমে নৈতিক স্খলনের অভিযোগে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের আরও একটি নতুন ভিডিও ভাইরাল হয়েছে। বৃহস্পতিবার ছড়িয়ে পড়া ওই ভিডিওটিতে তাকে এক নারীকে সঙ্গে নিয়ে একটি হোটেলে প্রবেশ করতে দেখা যায়। এর আগে গত সোমবারও তার একটি ভিডিও প্রকাশের পর রাজনৈতিক অঙ্গনে তীব্র সমালোচনার সৃষ্টি হয়েছিল।
নতুন এই ভিডিওটি প্রকাশের পর দেশজুড়ে আলোচনা আরও তীব্র হয়েছে।সাম্প্রতিক প্রকাশিত ভিডিওটিতে দেখা যায় যে সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম এক নারীকে সঙ্গে নিয়ে একটি হোটেলের ভেতরে প্রবেশ করছেন। রিসেপশনে দায়িত্বরত ব্যক্তির সঙ্গে করমর্দনের পর তারা ভেতরে চলে যান এবং লবিতে তাদের কিছু সময় অবস্থান করতে দেখা যায়। ভিডিওতে দৃশ্যমান ওই নারী তার দাবি করা দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তার কি না, তা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। সংশ্লিষ্ট কোনো পক্ষের কাছ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এর আগে প্রথম ভিডিওটি ভাইরাল হওয়ার পর এক লিখিত বিবৃতিতে গাজী নজরুল ইসলাম দাবি করেছিলেন যে ভিডিওর নারীটি তার দ্বিতীয় স্ত্রী। তিনি উল্লেখ করেছিলেন যে গত জুলাই মাসে তিনি তার প্রথম স্ত্রী মাকছুদা বেগম, দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তার ও গাড়িচালকসহ একটি ব্যবসায়িক কার্যালয়ে গিয়েছিলেন। কিন্তু সাম্প্রতিক এই নতুন ভিডিওটি সামনে আসার পর বিষয়টি নিয়ে জনমনে নতুন করে নানা প্রশ্নের জন্ম দিয়েছে।
নৈতিক স্খলনের অভিযোগ প্রমাণিত হওয়ায় গত বুধবার রাজধানীর মিন্টো রোডে অনুষ্ঠিত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি সভায় তাকে দল থেকে চূড়ান্তভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় জামায়াতে ইসলামী। আমির ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে ওই সভায় দলীয় গঠনতন্ত্র অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়। দলীয় বহিষ্কারের পাশাপাশি একের পর এক ভিডিও ফাঁসের ঘটনায় রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন