রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬,

জুলাই গণঅভ্যুত্থান দিবস ঘিরে গোপালগঞ্জে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ৪, ২০২৬, ০৯:০৯ পিএম

জুলাই গণঅভ্যুত্থান দিবস ঘিরে গোপালগঞ্জে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন

ছবি : সংগৃহীত

আগামীকাল পাঁচ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবসকে কেন্দ্র করে যেকোনো ধরনের সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে গোপালগঞ্জে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পুলিশের পাশাপাশি জেলায় অতিরিক্ত পুলিশ সদস্য এবং মোট পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে গোয়েন্দা নজরদারি ও নিয়মিত টহল কার্যক্রমও আরও বাড়ানো হয়েছে।

আজ মঙ্গলবার থেকে গোপালগঞ্জ শহরসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন এলাকায় এই বাড়তি নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে।প্রশাসন সূত্রে জানা গেছে, দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচিকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি না হয়, সে লক্ষ্যেই এই আগাম পদক্ষেপ নেওয়া হয়েছে। বিশেষ করে গুরুত্বপূর্ণ স্থাপনা, প্রধান সড়ক এবং জনসমাগমপূর্ণ স্থানগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি দৃশ্যমান করা হয়েছে। 

জেলা প্রশাসক মোহাম্মদ আরিফ-উজ-জামান জানান, ঘোষিত কর্মসূচিগুলো শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতেই বিজিবিসহ অন্যান্য বাহিনী মোতায়েন করা হয়েছে।আগামী ১৫ আগস্ট পর্যন্ত জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখতে এই পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েন বহাল থাকবে।যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুরোপুরি প্রস্তুত রয়েছে বলে জানানো হয়েছে।