আগস্ট ৪, ২০২৬, ১১:৪৮ পিএম
নীলফামারীর রামগঞ্জ বাজারের পূর্ব দুহুলি পাড়া রোডের একটি ব্রিজের মাথায় সাম্প্রতিক বৃষ্টির কারণে বিশাল ও বিপজ্জনক গর্তের সৃষ্টি হয়েছে। গর্তটি দিন দিন বড় আকার ধারণ করায় এই পথে যাতায়াতকারী সাধারণ মানুষের নিরাপত্তা মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে। যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা থাকলেও স্থানীয় জনপ্রতিনিধিদের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে।
আজ সকালে সরেজমিনে দেখা যায়, ব্রিজটির গোড়ার মাটি ও ইটের অংশ ধসে গভীর খাদ তৈরি হয়েছে।গুরুত্বপূর্ণ এই সংযোগ সড়ক দিয়ে প্রতিদিন শত শত মানুষ ও যানবাহন ঝুঁকি নিয়ে চলাচল করে। স্থানীয় বাসিন্দারা জানান, রাতের বেলা এই পথে চলাচল করা প্রায় অসম্ভব হয়ে পড়ে এবং সামান্য অসতর্কতায় বড় ধরনের প্রাণহানির আশঙ্কা রয়েছে।
উদ্ভূত পরিস্থিতিতে স্থানীয়রা টুপামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মছিরত আলী শাহ ফকিরের সঙ্গে যোগাযোগ করলে তিনি ফান্ড না থাকার কথা জানান এবং দ্রুত সংস্কারে অপারগতা প্রকাশ করেন।চেয়ারম্যানের এমন দায়িত্বজ্ঞানহীন মন্তব্যে এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
২ নম্বর ওয়ার্ডের সদস্য রুহুল আমিনের সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি কোনো কার্যকরী সমাধান দিতে পারেননি। দ্রুত এই ব্রিজ ও রাস্তা সংস্কারের মাধ্যমে জনসাধারণের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে উচ্চপদস্থ কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন