বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬,

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে ৭ শ্রমিক নিহত

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ১৪, ২০২৬, ০৩:০২ পিএম

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে ৭ শ্রমিক নিহত

ছবি : সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী এলাকায় অবস্থিত ফেরদৌস স্টিল শিপইয়ার্ডে পুরোনো জাহাজ কাটার কাজ চলার সময় ভয়াবহ গ্যাস বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনায় ঘটনাস্থলে এবং চিকিৎসাধীন অবস্থায় মোট আটজন শ্রমিক নিহত হয়েছেন। এ ছাড়া বিস্ফোরণে দগ্ধ ও আহত হয়েছেন আরও অন্তত দশজনের বেশি শ্রমিক, যাদের মধ্যে কয়েকজনের শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানা গেছে।আহত শ্রমিকদের দ্রুত উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে যথারীতি জাহাজ কাটার কাজ শুরু করেছিলেন শ্রমিকেরা। ঠিক সেই মুহূর্তে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং মুহূর্তেই কারখানায় আগুন ছড়িয়ে পড়ে। এতে বেশ কয়েকজন শ্রমিক গুরুতর দগ্ধ হন। খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা, ফায়ার সার্ভিস এবং পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। প্রাথমিক তথ্যে জানা গেছে, পুরোনো জাহাজের ভেতরে জমে থাকা দাহ্য গ্যাস বা বাষ্পের কারণে এই বিস্ফোরণ ঘটে থাকতে পারে।

শিপইয়ার্ডের কর্তৃপক্ষের ভাষ্যমতে, জাহাজ কাটার পূর্বে প্রয়োজনীয় নিরাপত্তা পরীক্ষা ও গ্যাসমুক্ত করার বিষয়টি নিশ্চিত করা হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।এ ঘটনায় নিহত শ্রমিকদের মধ্যে কয়েকজনের পরিচয় নিশ্চিত করা হয়েছে। তারা স্থানীয় ভাটিয়ারী এলাকার বাসিন্দা এবং বিভিন্ন পদে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

দুর্ঘটনার পর পরই সীতাকুণ্ড উপজেলা প্রশাসন ও পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছেন।বারবার ঘটে যাওয়া এমন দুর্ঘটনায় শ্রমিকদের নিরাপত্তা ব্যবস্থা ও তদারকি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।তদন্ত সাপেক্ষে দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং দায়ী পক্ষের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।