আগস্ট ১৫, ২০২৬, ০৩:৫২ পিএম
পঞ্চগড়ের আধুনিক সদর হাসপাতালের চিকিৎসাসেবার মান ও সংকট দূর করতে রাজনৈতিক মতপার্থক্য ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়েছে। শনিবার দুপুরে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি ও অংশীজনদের নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় এই তাগিদ দেওয়া হয়।সভায় পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ হাসপাতাল ঘিরে থাকা যেকোনো কথিত সিন্ডিকেট নির্মূল করার হুঁশিয়ারি দেন।
কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান চিকিৎসাসেবা নিজেদের নিয়ন্ত্রণে রাখতে চাইলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি। হাসপাতাল কেবল সরকারি সরাসরি সম্পৃক্ততায় চলতে পারে, ব্যক্তিগত বা সাংগঠনিক তহবিলে নয় বলেও তিনি মন্তব্য করেন। অন্যদিকে, নতুন ভবন হলেও তা পূর্ণাঙ্গ চিকিৎসাসেবা দেওয়ার উপযোগী হয়নি বলে বক্তারা অভিযোগ করেন। চিকিৎসক ও যন্ত্রপাতির অভাবে রোগীদের বাধ্য হয়ে অন্যত্র যেতে হচ্ছে।
এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম জানান, প্রতি মাসে প্রায় চল্লিশ হাজার মানুষ এখানে চিকিৎসাসেবা নিচ্ছেন। কিন্তু এমআরআই ও সিটি স্ক্যানসহ আধুনিক যন্ত্রপাতির অভাবে রোগীদের ভোগান্তি বাড়ছে। মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা প্রশাসক শুকরিয়া পারভীন, পুলিশ সুপার আবু সাইমসহ বিভিন্ন চিকিৎসক ও রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন