আগস্ট ১৯, ২০২৬, ০৯:৫০ এএম
বিয়ের খাবারে আস্ত খাসি না পাওয়ায় আলোচিত সেই জাপানপ্রবাসী বর জুনায়েদ মিয়া শেষ পর্যন্ত বিয়ে সম্পন্ন করেছেন। মঙ্গলবার দিবাগত রাতে কসবা উপজেলার নেয়ামতপুর গ্রামে কনের মামার বাড়িতে এই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিশ্চিত করে জুনায়েদ মিয়া জানান, সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে তার বিবাহ সম্পন্ন হয়েছে।
নতুন কনে জান্নাত আক্তার আখাউড়ার নূরপুর গ্রামের বাসিন্দা এবং স্থানীয় একটি মহিলা কলেজের উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্রী। কনের মামার বাড়িতেই বিয়ের অনুষ্ঠান আয়োজিত হয়।এর আগে গত সোমবার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় একটি বিয়ের অনুষ্ঠানে খাবারে খাসি না পেয়ে বরপক্ষ চলে যাওয়ার ঘটনায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।
সামাজিক মাধ্যমে সেই খবর ছড়িয়ে পড়ার পর দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি বক্তব্য সামনে আসে। বরপক্ষ অতিরিক্ত কাবিন ও অপপ্রচারের অভিযোগ তুললেও কনের পরিবার সেই দাবি অস্বীকার করে।অবশেষে সব আলোচনা-সমালোচনার অবসান ঘটিয়ে নতুন পাত্রীর সঙ্গে জুনায়েদ মিয়ার বিবাহ সম্পন্ন হয়েছে। নতুন এই দাম্পত্য জীবনের জন্য তিনি সবার কাছে দোয়া কামনা করেছেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন