বুধবার, ০৭ অক্টোবর, ২০২৬,

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন সাবেক মন্ত্রী ডা. দীপু মনি

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ১৯, ২০২৬, ০৫:১৬ পিএম

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন সাবেক মন্ত্রী ডা. দীপু মনি

ছবি : সংগৃহীত

স্বামীর মৃত্যুতে মানবিক বিবেচনায় আগামী কাল বৃহস্পতিবার ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন সাবেক শিক্ষামন্ত্রী ও সংসদ সদস্য ডা. দীপু মনি। মুন্সীগঞ্জ জেলা প্রশাসন তার এই মুক্তির বিষয়টি নিশ্চিত করেছে।আজ বুধবার দুপুরে মুন্সীগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিম জানান, দীপু মনির পরিবারের পক্ষ থেকে করা আবেদনের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আগামীকাল বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত মোট বারো ঘণ্টার জন্য তাকে প্যারোলে মুক্তি দেওয়া হবে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জেলা ম্যাজিস্ট্রেটের এখতিয়ার অনুযায়ী দিনের আলোতে সর্বোচ্চ বারো ঘণ্টার জন্য এ ধরনের মুক্তি দেওয়া সম্ভব। এর বেশি সময়ের প্রয়োজন হলে সরকারের উচ্চপর্যায়ের অনুমোদনের প্রয়োজন হয়।

এর আগে মঙ্গলবার রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দীপু মনির স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজ। দীপু মনির মেয়ের আবেদনের পর আইনি প্রক্রিয়া সম্পন্ন করে পরিবারের সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।