শুক্রবার, ০৯ অক্টোবর, ২০২৬,

তেঁতুলিয়ায় দীর্ঘদিনের চিকিৎসা দুর্ভোগ, এ্যাম্বুলেন্স পেল বুড়াবুড়ির এলাকাবাসী

আবু সালেহ মোঃ রায়হান

আগস্ট ২২, ২০২৬, ০৮:২২ পিএম

তেঁতুলিয়ায় দীর্ঘদিনের চিকিৎসা দুর্ভোগ, এ্যাম্বুলেন্স পেল বুড়াবুড়ির এলাকাবাসী

ছবি: দিনাজপুর টিভি নিজস্ব প্রতিবেদক

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার সীমান্তঘেঁষা বুড়াবুড়ি ইউনিয়নের মানুষের জরুরি চিকিৎসাসেবা ও যাতায়াতের দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে ব্যক্তি উদ্যোগে একটি এ্যাম্বুলেন্স সেবা চালু করা হয়েছে। শনিবার সকাল থেকে প্রত্যন্ত এই ইউনিয়নের মানুষের সেবায় অ্যাম্বুলেন্সটি যুক্ত হয়েছে। জরুরি স্বাস্থ্যসেবায় যাতায়াতের সংকট দূর হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মনে স্বস্তি ফিরে এসেছে। এর আগে শুক্রবার বিকেলে ব্যক্তিগত উদ্যোগে এই সেবাটির উদ্বোধন করেন স্থানীয় বাসিন্দা দুলাল হোসেন বাচ্চু।

যানবাহন সংকটে প্রসূতি বা গুরুতর অসুস্থ রোগীদের হাসপাতালে নেওয়া ছিল এক বড় চ্যালেঞ্জ।সীমান্তবর্তী এই এলাকার বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি ছিল একটি স্থায়ী বাহনের ব্যবস্থা করার। নতুন এই অ্যাম্বুলেন্সের আগমনকে বরণ করতে একটি বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রাটি ইউনিয়নের প্রধান সড়ক ও বিভিন্ন গলি প্রদক্ষিণ করে প্রচার নিশ্চিত করে। দিন-রাত চব্বিশ ঘণ্টা এই সেবা চালু রাখতে ইতিমধ্যে দুজন চালক নিয়োগ দেওয়া হয়েছে। স্থানীয় তরুণরাও স্বেচ্ছাসেবী হিসেবে এই কাজে সহায়তা করছেন।

উদ্যোক্তা দুলাল হোসেন বাচ্চু জানান, অতীতে এলাকার অনেক রোগীকে সময়মতো হাসপাতালে নিতে না পেরে চরম দুর্ভোগ পোহাতে দেখেছেন তিনি। সেই তাগিদ থেকেই তিনি এই উদ্যোগ গ্রহণ করেছেন। সেবাগ্রহীতাদের শুধুমাত্র জ্বালানি খরচ বহন করতে হবে, বাকি সকল সেবা সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হবে। চালকদের যোগাযোগের নম্বর ইতিমধ্যে বিভিন্ন এলাকায় ছড়িয়ে দেওয়া হয়েছে।

স্থানীয় বাসিন্দারা এই মহৎ উদ্যোগে গভীর সন্তোষ প্রকাশ করেছেন। তাদের মতে, প্রত্যন্ত অঞ্চলের গরিব মানুষের জন্য এই অ্যাম্বুলেন্স জীবনরক্ষাকারী হিসেবে কাজ করবে। সঠিক সময়ে হাসপাতালে পৌঁছানো সম্ভব হওয়ায় আর কাউকে পথে কষ্ট পেতে হবে না।