আগস্ট ২৬, ২০২৬, ০১:০৪ পিএম
মুসলিম উম্মাহর নিকট অত্যন্ত পবিত্র ও মহিমান্বিত একটি দিন হিসেবে বিবেচিত হযরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাত দিবসটি দেশজুড়ে যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পালন করা হয়। এই বিশেষ দিনটিতে দেশের বিভিন্ন অঞ্চলে ধর্মপ্রাণ মুসলমানরা নানা ধর্মীয় কর্মসূচি, মিলাদ মাহফিল এবং আনন্দঘন পরিবেশে বিশেষ শোভাযাত্রার আয়োজন করে থাকেন।
এরই ধারাবাহিকতায় উত্তর জনপদের জেলা পঞ্চগড়েও দিনটি উপলক্ষে বিভিন্ন স্থানে বর্ণাঢ্য র্যালি ও জসনে জুলুস অনুষ্ঠিত হয়েছে।পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে পঞ্চগড় সদর উপজেলার বিভিন্ন এলাকায় ধর্মপ্রাণ মুসল্লিদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও জসনে জুলুস অনুষ্ঠিত হয়েছে।বুধবার সকালে পঞ্চগড় সদর উপজেলার আমলাহার এলাকায় ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন কমিটির আয়োজনে এই কর্মসূচি পালিত হয়।
স্থানীয় আমলাহার জামে মসজিদের সামনে থেকে একটি সুশৃঙ্খল র্যালি বের করা হয়, যা এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়। আয়োজিত এই শোভাযাত্রা ও কর্মসূচিতে স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীসহ দুই শতাধিক ধর্মপ্রাণ মুসলমান স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
এছাড়াও জেলা শহরের সরকারি অডিটোরিয়াম চত্বর থেকেও পৃথক আরেকটি বর্ণাঢ্য র্যালি ও জসনে জুলুস বের করা হয়, যা শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। র্যালি শেষে মহানবীর জীবন ও আদর্শ নিয়ে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। পরিশেষে অংশগ্রহণকারী মুসল্লিদের মাঝে তবারক বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয়।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন