আগস্ট ২৮, ২০২৬, ০৩:৪২ পিএম
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় পুলিশের ধাওয়া খেয়ে গাঁজাবোঝাই একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি পুকুরে পড়ে গেছে। তবে চালক ও পাচারকারীরা সাঁতরে পালিয়ে যাওয়ায় এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। পুলিশ ঘটনাস্থল থেকে তল্লাশি চালিয়ে ৯ বস্তা ভারতীয় গাঁজা উদ্ধার করেছে এবং মাইক্রোবাসটি জব্দ করেছে।
শুক্রবার সকালে উপজেলার বিনাউটি ইউনিয়নের খিদিরপুর এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে।পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কসবা থানা পুলিশের একটি দল সৈয়দাবাদ-নয়নপুর সড়কে অবস্থান নিয়ে মাদকবিরোধী বিশেষ অভিযান চালায়। এ সময় সন্দেহজনক একটি কালো রঙের মাইক্রোবাস পুলিশি চেকপোস্টের দিকে এগিয়ে এলে থামার সংকেত দেওয়া হয়।
কিন্তু চালক সংকেত অমান্য করে দ্রুত গতিতে গাড়িটি চালিয়ে পালানোর চেষ্টা করলে পুলিশ তাৎক্ষণিকভাবে ধাওয়া করে। আন্দিরপাড়-মনকাশাইর সড়ক দিয়ে পালানোর সময় খিদিরপুর গ্রাম অতিক্রমকালে চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি সোজা পুকুরে গিয়ে পড়ে।
পানির মধ্যে গাঁজার প্যাকেটগুলো ভেসে উঠলে স্থানীয় লোকজনের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়।কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী মোহাম্মদ রাশেদ জানান, জব্দ করা ৯ বস্তা গাঁজায় কী পরিমাণ মাদক রয়েছে তা নিশ্চিত হওয়ার প্রক্রিয়া চলছে। পালিয়ে যাওয়া পাচারকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াও বর্তমানে চলমান রয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন