আগস্ট ৩০, ২০২৬, ০৮:১৯ পিএম
বগুড়া শহরের প্রাণকেন্দ্র সাতমাথার জিলা স্কুলের প্রাচীরসংলগ্ন এলাকায় ড্রেন নির্মাণের জন্য খননকাজ করার সময় বিপুল পরিমাণ গুলি উদ্ধার করা হয়েছে। রোববার বেলা ১১টার দিকে মাটির নিচ থেকে মোট ৩৩৪ রাউন্ড গুলি উদ্ধার করে বগুড়া সদর থানা-পুলিশ। শ্রমিকেরা ড্রেন খননের সময় ধাতব বস্তু দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মাটির ভেতর থেকে এই গুলিগুলো উদ্ধার করে। উদ্ধার হওয়া গুলিগুলোর মধ্যে চায়নিজ রাইফেল, থ্রি-নট-থ্রি রাইফেল ও এসএমজির গুলি রয়েছে বলে জানিয়েছে পুলিশ। বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী জানান, ২০২৪ সালের ৫ আগস্ট বিকেলে বগুড়া সদর থানায় হামলা ও লুটপাটের সময় অস্ত্রাগার থেকে প্রায় আট হাজার রাউন্ড গুলি লুট হয়েছিল।
উদ্ধার হওয়া গুলিগুলো ওই সময়কার লুট করা অংশ হতে পারে অথবা এগুলো মুক্তিযুদ্ধের সময়ের কি না, তা বিস্তারিত পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত করা সম্ভব হবে। উদ্ধার করা গুলিগুলো বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে এবং এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
শহরের কেন্দ্রস্থলে খননকাজের সময় বিপুল পরিমাণ গুলি উদ্ধারের ঘটনায় স্থানীয় সাধারণ মানুষের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুরো বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন