সেপ্টেম্বর ২, ২০২৬, ০৪:৩৮ পিএম
পঞ্চগড়ের বোদা উপজেলায় তেলবাহী ট্রাকের ধাক্কায় শহিদুল ইসলাম নামের ৫৫ বছর বয়সী এক ইজিবাইক চালক নিহত হয়েছেন। আজ বুধবার দুপুরে পঞ্চগড়-ঢাকা মহাসড়কের নাজিরপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ঘটনায় ইজিবাইকে থাকা আরও তিনজন যাত্রী গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ স্থানীয়রা মহাসড়ক অবরোধ করেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, পঞ্চগড় থেকে যাত্রী নিয়ে ইজিবাইকটি বোদা বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিল। নাজিরপাড়া এলাকায় পৌঁছালে পঞ্চগড়গামী একটি তেলবাহী ট্রাক ইজিবাইকটিকে সজোরে ধাক্কা দেয়। এতে চালক ও যাত্রীরা ছিটকে পড়ে মারাত্মকভাবে আহত হন। এ সময় চালক ট্রাকটি পিছিয়ে পুনরায় ধাক্কা দিলে ঘটনাস্থলেই পিষ্ট হয়ে চালকের মৃত্যু হয়।
দুর্ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী প্রায় ২০ মিনিট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান। এতে সড়কের উভয় পাশে শতাধিক যানবাহন আটকা পড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং যান চলাচল স্বাভাবিক করেন। আহতদের উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। ঘটনার পরপরই চালক পালিয়ে গেলেও পঞ্চগড় ট্রাক টার্মিনাল এলাকা থেকে তেলবাহী ট্রাকটি জব্দ করেছে বোদা হাইওয়ে থানা পুলিশ। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন