সেপ্টেম্বর ২০, ২০২৬, ১২:৪৩ পিএম
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক দম্পতির একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের দাফন সম্পন্ন হয়েছে। রোববার বেলা এগারোটায় কোটবাড়ি গন্ধমতি ঈদগাহ ময়দানে দ্বিতীয় জানাজা শেষে পাশের কবরস্থানে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়। এর আগে সকাল দশটায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। অপ্রতিমের শেষ বিদায়ে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী, স্বজন ও স্থানীয় নানা শ্রেণি-পেশার মানুষ। একমাত্র সন্তানকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছেন মা সহযোগী অধ্যাপক ডক্টর নাহিদা বেগম ও বাবা কে এম ফিরোজ শাহরিয়ার।
তাদের একমাত্র সন্তানকে চিরবিদায় জানাতে এসে উপস্থিত অনেকেই কান্নায় ভেঙে পড়েন এবং রুহের মাগফিরাত কামনা করেন। নিহত অপ্রতিম কুমিল্লা বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। শুক্রবার দুপুর আড়াইটার দিকে বাসা থেকে মায়ের iPhone নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বের হয়ে নিখোঁজ হয় সে। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে কোনো সন্ধান না পেয়ে ওই দিনই সদর দক্ষিণ থানায় সাধারণ ডায়েরি করেন।
নিখোঁজের পর পরিবার, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং পুলিশ যৌথভাবে তল্লাশি চালায়। প্রায় একুশ ঘণ্টা পর শনিবার দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়সংলগ্ন লালমাই পাহাড়ের সানন্দা এলাকার একটি জঙ্গল থেকে তার লাশ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লা সদর হাসপাতালে পাঠানো হয়। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, তার মাথায় গুরুতর আঘাতের চিহ্ন ছিল। শনিবার রাতে ময়নাতদন্ত শেষে মরদেহ কোটবাড়ি গন্ধমতির বাসায় পৌঁছালে পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে।
হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশ ইতিমধ্যে জোর তদন্ত শুরু করেছে। ঘটনায় জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে আটক করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশ জানিয়েছে, তদন্তে কিছু গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে এবং ঘটনার মূল রহস্য দ্রুত উদঘাটনের চেষ্টা চলছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন