সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

ফেব্রুয়ারির নির্বাচন বাধাগ্রস্ত করার ক্ষমতা কারো নেই: ডা. জাহিদ

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ১৬, ২০২৫, ০৬:২৭ পিএম

ফেব্রুয়ারির নির্বাচন বাধাগ্রস্ত করার ক্ষমতা কারো নেই: ডা. জাহিদ

ছবি - সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, যদি জনগণ গণতন্ত্র ও আসন্ন ফেব্রুয়ারির নির্বাচনের পক্ষে ঐক্যবদ্ধ থাকে, তাহলে কোনো হুমকি বা হুঙ্কার দিয়ে এই নির্বাচন বাধাগ্রস্ত করার ক্ষমতা কারো নেই। তার এই মন্তব্য সারাদেশে রাজনৈতিক আলোচনার জন্ম দিয়েছে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দিনাজপুরের হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনে উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত এই সভা অনুষ্ঠিত হয়।

ডা. জাহিদ বলেন, "অনেকে এখনো নির্বাচন পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে। ঐকমত্য কমিশনের আলোচনা চলছে এবং প্রধান উপদেষ্টা সবাইকে নিয়ে আলোচনা করেছেন। কিন্তু কিছু মানুষ রাজপথে নামার হুঙ্কার দিচ্ছেন। গণতান্ত্রিক রাজনীতিতে হুঙ্কার দেওয়া কোনো সমস্যা না, কিন্তু মনে রাখতে হবে শেষ পর্যন্ত জনগণই সিদ্ধান্ত নেবে তারা কার পক্ষে থাকবে।"

তিনি আরও বলেন, "জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে চায়, দেশের মালিকানা চায় এবং তাদের অধিকার ফিরিয়ে আনতে চায়। তারা অন্যায় ও অত্যাচারের বিচার চায়, লুট হওয়া অর্থ ফেরত আনতে চায় এবং পাখির মতো গুলি করে যেসব ভাইদের হত্যা করা হয়েছে তার বিচার চায়। জনগণ ফ্যাসিবাদী শাসনের বিচার চায়।"

বিএনপির এই নেতা দৃঢ়তার সাথে বলেন, "জনগণ কোনো অবস্থাতেই স্বৈরাচারকে পুনরায় ক্ষমতায় দেখতে চায় না। আজকে যারা বিভিন্নভাবে হুঙ্কার দিচ্ছেন, তারা মূলত স্বৈরাচারকে পুনর্বাসন করার রাস্তা প্রশস্ত করছেন।"

তিনি গণ-অভ্যুত্থানে ঐক্যবদ্ধ থাকার গুরুত্বের ওপর জোর দিয়ে বলেন, "আমরা যারা গত ৫ আগস্ট স্বৈরাচার সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে ঐক্যবদ্ধ ছিলাম, তাদের সেই ঐক্য ধরে রাখতে হবে। অন্তর্বর্তী সরকারের হাতকে শক্তিশালী করে ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে জনগণ সিদ্ধান্ত নেবে কাকে তারা দেশ পরিচালনার দায়িত্ব দেবে।"

এই মতবিনিময় সভায় হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সিনিয়র সহ-সভাপতি শাহিনুর ইসলাম, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হকসহ বিএনপি এবং এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।