সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

জামায়াত ও ইসলামী আন্দোলন জাতীয় বেঈমান’: বিএনপি নেতা এ্যানি

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ২২, ২০২৫, ০৫:১৪ পিএম

জামায়াত ও ইসলামী আন্দোলন জাতীয় বেঈমান’: বিএনপি নেতা এ্যানি

ছবি - সংগৃহীত

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং জামায়াতে ইসলামী বাংলাদেশের জনগণের কাছে ‘জাতীয় বেঈমান’ হিসেবে চিহ্নিত হয়েছে। সোমবার লক্ষ্মীপুরে সদর উপজেলা পূর্ব বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।

এ্যানির অভিযোগ, এই দলগুলো বিভিন্ন সময়ে শেখ হাসিনার সরকারকে টিকিয়ে রাখতে সহযোগিতা করেছে।তিনি বলেন, গত ১৭ বছর ধরে বিএনপি যখন সরকারের বিরুদ্ধে আন্দোলন করছিল, তখন ইসলামী আন্দোলন তাদের সঙ্গে ছিল না। এ্যানি আরও উল্লেখ করেন, ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালের নির্বাচনে এই দলগুলো শেখ হাসিনাকে সহযোগিতা করে তার ক্ষমতাকে দীর্ঘায়িত করেছে।

জামায়াতের বিরুদ্ধে ১৯৮৬ ও ১৯৯৬ সালের পিআর পদ্ধতি নিয়েও তিনি একই ধরনের অভিযোগ আনেন, যেখানে তারা শুধু বিএনপিকে নয়, পুরো জাতিকে অসহযোগিতা করেছে বলে দাবি করেন। তিনি বলেন, শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার স্বার্থে কাজ করে তারা নিজেদের ‘জাতীয় বেঈমান’ হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

এই পরিস্থিতিতে রাজনৈতিক ঐক্যকে অপরিহার্য বলে উল্লেখ করেন এ্যানি। তিনি বলেন, বর্তমানে এই দলগুলো আন্দোলনের কথা বলছে, কিন্তু দেশের এই অবস্থা থেকে মুক্তি পেতে হলে ইস্পাত কঠিন ঐক্যের প্রয়োজন। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঐক্যের কথার পুনরাবৃত্তি করেন এবং তারেক রহমানের নেতৃত্বে সেই ঐক্য বাংলাদেশে প্রতিষ্ঠা করার দৃঢ় ইচ্ছা প্রকাশ করেন।

সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ইসমাইল জবি উল্যাহ এবং আবুল খায়ের ভূঁইয়া। এছাড়া, লক্ষ্মীপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজানসহ বিএনপির স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।