সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

পিআর পদ্ধতি বাস্তবায়নের আগে গণভোটের প্রস্তাব জাকসু ভিপির

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ২৪, ২০২৫, ০৭:৪২ পিএম

পিআর পদ্ধতি বাস্তবায়নের আগে গণভোটের প্রস্তাব জাকসু ভিপির

ছবি - সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) ভিপি আব্দুর রশিদ জিতু বলেছেন, প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতি দেশে বাস্তবায়নের আগে একটি গণভোট করা যেতে পারে। বুধবার (২৪ সেপ্টেম্বর, ২০২৫) নিজ জেলা শরীয়তপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই প্রস্তাব দেন।

জাকসু ভিপি বলেন, দেশের বেশিরভাগ মানুষ এখনো পিআর পদ্ধতি সম্পর্কে ভালোভাবে অবগত নয়। তিনি মনে করেন, যদি সংখ্যাগরিষ্ঠ মানুষ এবং রাজনৈতিক দল এই পদ্ধতিকে জরুরি মনে করে, তবেই এটি কার্যকর করা উচিত। অন্যথায় এর কোনো প্রয়োজন নেই।

জিতু আরও বলেন, তিনি এমন একটি রাজনীতির পক্ষে, যা সাধারণ মানুষের কথা বলবে এবং সাম্য প্রতিষ্ঠা করবে। তিনি অভিযোগ করেন, অতীতে পুঁজিবাদ ও পরিবারতন্ত্রের কারণে রাজনীতি কিছু নির্দিষ্ট পরিবারের হাতে জিম্মি ছিল। তিনি চান, যোগ্যতার ভিত্তিতে সকল শ্রেণির মানুষ রাজনীতিতে সুযোগ পাক।