রকিবুল হাসান মুন্না
অক্টোবর ১১, ২০২৫, ০১:২১ পিএম
ছবি-দিনাজপুর টিভি
ব্রাজিলে অনুষ্ঠিতব্য কপ-৩০ সম্মেলনের বৈশ্বিক মঞ্চে জলবায়ু পরিবর্তনের স্থানীয় সমস্যা ও দাবিগুলো তুলে ধরার উদ্দেশ্যে জাগো ফাউন্ডেশনের দেশব্যাপী ক্যাম্পেইন "ভয়েসেস অব ক্লাইম্যাট: আওয়ার ক্লাইম্যাট, আওয়ার ফিউচার"-এর অংশ হিসেবে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) এক প্রাণবন্ত ফ্ল্যাশমব আয়োজিত হয়েছে।
শুক্রবার (১০ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এই ফ্ল্যাশমবটি আয়োজন করে জাগো ফাউন্ডেশনের অংশীদার সংগঠন 'টঙের গান'।
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বৈশ্বিক আলোচনায় তরুণদের কণ্ঠস্বরকে যুক্ত করার লক্ষ্যে আয়োজিত এই ফ্ল্যাশমবে স্থানীয় তরুণরা সৃজনশীল পরিবেশনা ও উদ্ভাবনী প্রচারণার মাধ্যমে জলবায়ু সংকট, স্থানীয় সমস্যা এবং এর সমাধানের দাবিগুলো জীবন্তভাবে তুলে ধরে।
টঙের গান এর সভাপতি মাহমুদুল হাসান আবির বলেন, "বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের জলবায়ু সংকটে ক্ষতিগ্রস্ত মানুষের গল্পগুলো প্রায়ই আন্তর্জাতিক পরিসরে উপেক্ষিত থাকে। আমাদের এই ফ্ল্যাশমবের মূল উদ্দেশ্য ছিল সেই স্থানীয় সমস্যাগুলোকে জীবন্তভাবে উপস্থাপন করা, যাতে বৈশ্বিক নীতিনির্ধারকরা তরুণদের এই বার্তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করেন।"
উল্লেখ্য, জাগো ফাউন্ডেশনের এই ক্যাম্পেইনটি দেশের আটটি বিভাগের ১৬টি যুব নেতৃত্বাধীন সংগঠনের অংশগ্রহণে পরিচালিত হচ্ছে। এই উদ্যোগের মাধ্যমে ফ্ল্যাশমব ছাড়াও জলবায়ু পরিবর্তন সংক্রান্ত আচরণগত পরিবর্তন নিয়ে ১১২টিরও বেশি শিক্ষামূলক ভিডিও তৈরি করা হচ্ছে। তরুণদের সম্মিলিত দাবিগুলোকে সমন্বয় করে একটি বিশেষ 'ক্লাইম্যাট ক্যাপস্যুল' প্রকাশ করা হবে, যা আসন্ন কপ-৩০ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিদের মাধ্যমে বৈশ্বিক মঞ্চে পৌঁছে দেওয়া হবে।
পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠান 'Gildan' এই ক্যাম্পেইনে সহযোগী এবং 'অ্যাকশনএইড বাংলাদেশ' নলেজ পার্টনার হিসেবে যুক্ত রয়েছে।