অক্টোবর ১৭, ২০২৫, ১২:১৩ এএম
চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলের (সিইপিজেড) একটি আটতলা ভবনে লাগা ভয়াবহ আগুন সাত ঘণ্টা পেরিয়ে গেলেও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। সময় বাড়ার সঙ্গে সঙ্গে আগুন পুরো ভবনটিতে ছড়িয়ে পড়েছে এবং ওপরের তলাগুলো থেকে দাউ দাউ করে আগুনের শিখা বের হতে দেখা যাচ্ছে। ভবনের ভেতর থেকে থেমে থেমে বিস্ফোরণের শব্দও শোনা যাচ্ছে, যা পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে দিয়েছে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর ২টার দিকে সিইপিজেডের ৫ নম্বর সড়কের ওই ভবনের সাততলার একটি গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়। ভবনটিতে চিকিৎসা সরঞ্জাম ও টুপি তৈরির কারখানা ছিল বলে জানা গেছে।আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিটের সঙ্গে যোগ দিয়েছে বাংলাদেশ নৌবাহিনীর চারটি অগ্নিনির্বাপক ইউনিট। এছাড়া, আইন-শৃঙ্খলা রক্ষা ও উদ্ধার অভিযানে সহায়তা করছে বাংলাদেশ সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, কারখানার ভেতরে প্রচুর পরিমাণে সুতা, কাপড় ও অন্যান্য দাহ্য পদার্থ থাকায় আগুনের তীব্রতা মারাত্মক আকার ধারণ করেছে। আগুনের প্রচণ্ড তাপের কারণে ফায়ার সার্ভিসের কর্মীরা ভবনের কাছাকাছি যেতে পারছেন না, ফলে দূর থেকে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালানো হচ্ছে। তাপের তীব্রতায় ভবনের ছাদের কিছু অংশ ধসে পড়তে শুরু করেছে।
তবে এই ভয়াবহ পরিস্থিতির মধ্যেও স্বস্তির খবর হলো, এখন পর্যন্ত কোনো হতাহতের ঘটনা ঘটেনি। সিইপিজেড কর্তৃপক্ষ জানিয়েছে, আগুন লাগার পরপরই ভবনে থাকা সকল শ্রমিককে নিরাপদে সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন