সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬,

বিভিন্ন স্থানে আগুন লাগার ঘটনা নিয়ে যা বললেন সারজিস আলম

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ১৮, ২০২৫, ০৭:২৩ পিএম

বিভিন্ন স্থানে আগুন লাগার ঘটনা নিয়ে যা বললেন সারজিস আলম

ছবি - সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাকে একটি বিচ্ছিন্ন দুর্ঘটনা হিসেবে দেখতে নারাজ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি এই ঘটনাকে দেশকে অস্থিতিশীল করার ‘চক্রান্তের অংশ’ বলে অভিহিত করেছেন।

শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।সারজিস আলম তার পোস্টে লেখেন, “বিভিন্ন জায়গায় আগুন লাগাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখি না। এগুলো স্বৈরাচারের দোসরদের দেশকে অস্থিতিশীল করার চক্রান্তের অংশ।”

তিনি অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করে বলেন, “স্বৈরাচারের দোসরদের খুঁজে বের করে উপযুক্ত শাস্তির আওতায় আনতে না পারা অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম বড় ব্যর্থতা। যার ফল বাংলাদেশকে দীর্ঘমেয়াদে ভোগ করতে হবে।” তিনি ‘তদন্ত কমিটির নাটক’ বাদ দিয়ে এর পেছনের প্রকৃত কারণ খুঁজে বের করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

এর আগে, আজ দুপুর আড়াইটার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ আগুন লাগে। ফায়ার সার্ভিসের ৩৬টি ইউনিটের সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। এই ঘটনার পর বিমানবন্দরের ফ্লাইট চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়, যদিও পরে তা আংশিকভাবে চালু হয়েছে।