অক্টোবর ১৯, ২০২৫, ০১:২৬ পিএম
বিশিষ্ট কবি, লেখক ও দৈনিক যুগান্তর পত্রিকার সম্পাদক আবদুল হাই শিকদার বলেছেন, “নতুন বাংলাদেশ গড়ে তুলতে সাংবাদিকদের ভূমিকা অপরিহার্য। জুলাই আন্দোলনকে (গণঅভ্যুত্থান) দমানোর অনেক চেষ্টা করা হয়েছিল, কিন্তু সাংবাদিকদের অনবদ্য ভূমিকার কারণেই সফলতা দ্রুত অর্জিত হয়েছে।”শনিবার (১৮ অক্টোবর) দুপুরে বগুড়া শহরের হোটেল নাজ গার্ডেন মিলনায়তনে বগুড়া প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আবদুল হাই শিকদার তার ভাষণে বাংলাদেশের ইতিহাসের রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরেন। তিনি বলেন, “দেশের মানুষ বঙ্গবন্ধুর নির্দেশে নয়, জিয়াউর রহমানের ঘোষণার পর মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল।” তিনি ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের তীব্র সমালোচনা করে বলেন, “পৃথিবীতে তিনটি ‘হ’ কুখ্যাত। তার মধ্যে একটি হাসিনা। যার কাজ ছিল এ দেশের মানুষের গণতন্ত্র হরণ করে লুটপাটতন্ত্র কায়েম করা।”
তিনি আরও বলেন, “এ দেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেছিলেন জিয়াউর রহমান। মানুষ এখন তারেক রহমানের অপেক্ষায় রয়েছে। তিনি যে লড়াই গত ১৭ বছর ধরে করে গেছেন, তার ফল এসেছে ’২৪-এর জুলাই আন্দোলনে। মানুষ চায় তারেক রহমান দেশে আসুক, দেশের হাল ধরুক।”
বগুড়া প্রেস ক্লাবের সভাপতি রেজাউল হাসান রানুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কালাম আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক, অতিরিক্ত জেলা প্রশাসক ইমরুল কায়েস, অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান এবং জেলা বিএনপির নেতারা।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন