অক্টোবর ১৯, ২০২৫, ০৭:১৯ পিএম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, “জুলাই সনদ ঘোষণার দিনে প্রশাসনকে ব্যবহার করে শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের পেটানো, আঘাত ও রক্তাক্ত করা হয়েছে। এটি অন্তর্বর্তীকালীন সরকারের জন্য লজ্জার।” তিনি এই অপ্রত্যাশিত ঘটনার দায় সরকার ও আয়োজকদের এড়াতে পারে না বলে মন্তব্য করেন।
রোববার (১৯ অক্টোবর) দুপুরে দিনাজপুর শিল্পকলা একাডেমিতে এনসিপি জেলা শাখার এক সমন্বয় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান বর্জন করা প্রসঙ্গে তিনি বলেন, “জুলাই সনদ স্বাক্ষরের আগে সব রাজনৈতিক দলের মধ্যে ঐকমত্য হওয়া দরকার ছিল, সেটা হয় নাই। বিএনপিও সনদের কয়েকটি বিষয়ে ‘নোট অব ডিসেন্ট’ (ভিন্নমত) দিয়ে রেখেছে। সব বিষয় স্পষ্ট না করেই অন্তর্বর্তী সরকার তাড়াহুড়া করে এই সনদ স্বাক্ষর করল।”
এনসিপির ‘শাপলা’ প্রতীক নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) আপত্তির বিষয়ে তিনি বলেন, “আমাদেরকে দেখাক, কোন আইনের ভিত্তিতে শাপলা প্রতীক বরাদ্দ দেওয়া যাবে না? আমরা আইনজ্ঞদের সঙ্গে কথা বলেছি, শাপলা দিতে কোনো বাধা নেই। এই নির্বাচন কমিশন একটি রাজনৈতিক দলকে তাদের প্রাপ্য মার্কাটা দেওয়ার সৎ সাহস দেখাতে পারে না। আমরা মনে করি, এই নির্বাচন কমিশনের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন হতে পারে না।”
তিনি আরও বলেন, ‘জুলাই যোদ্ধা’ ও শহীদ পরিবারের সদস্যদের ডেকে অন্তর্বর্তীকালীন সরকারের এই অপ্রীতিকর ঘটনার জন্য দুঃখ প্রকাশ করা উচিত।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন