অক্টোবর ১৯, ২০২৫, ০৭:৪৭ পিএম
দেশব্যাপী লক্ষাধিক মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত আস-সুন্নাহ ফাউন্ডেশনের বছরব্যাপী ‘কুরআন বর্ষ ২০২৪’ প্রতিযোগিতার চূড়ান্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) সকালে ফাউন্ডেশনের নিজস্ব অডিটোরিয়ামে এক আনন্দঘন পরিবেশে বিজয়ীদের হাতে মোট ১৫ লক্ষ টাকার পুরস্কার তুলে দেওয়া হয়।
পাঁচটি ধাপে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় সারা দেশ থেকে নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন, যাদের মধ্যে ছিলেন প্রকৌশলী, চিকিৎসক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বুয়েট-ঢাবিসহ বিভিন্ন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং সাধারণ খেটে খাওয়া মানুষ।প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারী তিনজন—এবিসি ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থী কে এম ইউসুফ নূর, এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাহিম আশরাফ এবং রাজশাহী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডেন্টাল সার্জন ডা. আফসানা মিম
পুরস্কার হিসেবে আগামী নভেম্বরেই উমরাহ পালনের সুযোগ পাচ্ছেন। দ্বিতীয় স্থান অর্জনকারী তিনজন গৃহিণীসহ মোট ছয়জন নারী বিজয়ী হয়েছেন, যা প্রমাণ করে জ্ঞানচর্চায় নারীরাও পিছিয়ে নেই।অনুষ্ঠানের প্রধান অতিথি আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ বলেন, “প্রত্যেক মুসলমানের উচিত প্রতিদিন একটি নির্দিষ্ট সময়ে কুরআন তিলাওয়াত ও তা অনুধাবন করা এবং সে অনুযায়ী জীবন পরিচালনা করা।
আমরা যদি কুরআনকে বুঝে জীবন গড়তে পারি, তবেই সমাজ ও পরিবার থেকে অশান্তি ও অনৈতিকতা দূর হবে।”ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সাব্বির আহমাদ বলেন, “এই প্রতিযোগিতার মাধ্যমে আমরা তরুণ প্রজন্মের মধ্যে কুরআনের প্রতি আগ্রহ বাড়াতে চেয়েছি। কুরআনের আলোয় আলোকিত এই প্রজন্মই একদিন নৈতিক সমাজ গঠনে নেতৃত্ব দেবে।
”অনুষ্ঠানের একটি আবেগঘন মুহূর্তে, প্রথম স্থান অর্জনকারী মরহুম ফাহিম আশরাফের (যিনি সম্প্রতি ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান) পক্ষে তার বাবা উমরাহ প্যাকের পুরস্কারটি গ্রহণ করেন। এ সময় শায়খ আহমাদুল্লাহ মরহুমের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং উপস্থিত সবাই তার মাগফিরাতের জন্য দোয়া করেন।



দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন