সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬,

চাঁদাবাজ-দখলবাজদের রুখে দিতে হবে: ফয়জুল করিম

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ২৬, ২০২৫, ১১:১০ পিএম

চাঁদাবাজ-দখলবাজদের রুখে দিতে হবে: ফয়জুল করিম

ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম বলেছেন, যতক্ষণ পর্যন্ত রাজনৈতিক ব্যক্তিদের নীতি ও আদর্শের পরিবর্তন না হবে, ততক্ষণ পর্যন্ত এ দেশের সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না। তিনি ভোটের মাধ্যমে দেশের চাঁদাবাজ ও দখলবাজদের রুখে দেওয়ার আহ্বান জানান।

রোববার, ২৬ অক্টোবর বিকেল ৩টায় বরিশালের সরকারি বাকেরগঞ্জ কলেজ মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মুফতি ফয়জুল করিম বলেন, ১৯৪৭ সালের পর থেকে বহু রাজনৈতিক দল এ দেশ শাসন করেছে, এরপর ১৯৭১ থেকে ২০২৪ সাল পর্যন্ত যারা শাসন করেছে, তারাও দেশের বৈষম্য দূর করতে পারেনি। শুধু দেশ, দল বা নেতার পরিবর্তনে বাংলাদেশে শান্তি আসতে পারে না।

অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে তিনি বলেন, আশা ছিল বৈষম্য দূর হবে এবং মানুষ শান্তি পাবে। কিন্তু পিআর পদ্ধতি মানা হলো না, গণহত্যার বিচারও করা হলো না।দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি প্রশ্ন তুলে বলেন, যে চাঁদাবাজি ও জুলুমের জন্য এ দেশের মানুষ আওয়ামী লীগকে তাড়িয়েছে, সেই চাঁদাবাজি কি এখন বন্ধ আছে? যে ধর্ষণের জন্য মানুষ তাদের তাড়িয়েছে, সে ধর্ষণ কি হচ্ছে না? যে দখলদারির জন্য আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করা হয়েছে, এখন কি সেই দখলদারি হচ্ছে না?

তিনি আরও বলেন, চোর যদি এমপি হয় সে দেশের জন্য কী করবে। তাই দেশে শান্তি ফিরিয়ে আনতে এবং চাঁদাবাজ-দখলবাজদের এদেশ থেকে উৎখাত করতে হলে হাত পাখায় ভোট দিতে হবে।

সমাবেশে আরও বক্তব্য রাখেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা মো. আব্দুর রাজ্জাক, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নেতা মাওলানা মোহাম্মদ হারুন অর রশিদ, বরিশাল জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মাওলানা মোহাম্মদ জামিলুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।