বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬,

গাজীপুরে পোশাকশ্রমিক নিহতের গুজবে বিক্ষোভ, পরে থানায় হাজির হলেন সেই নারী

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২৫, ২০২৬, ১১:৩৬ এএম

গাজীপুরে পোশাকশ্রমিক নিহতের গুজবে বিক্ষোভ, পরে থানায় হাজির হলেন সেই নারী

গাজীপুরে পোশাকশ্রমিক নিহতের গুজবে বিক্ষোভ শুরু করেন ভোগড়া এলাকার ‘ফিন বাংলা অ্যাপারেলস’ কারখানার আড়াই শতাধিক শ্রমিক। তবে যাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়েছিল, সেই নারী শ্রমিক নিজেই কারখানার কর্মকর্তাদের সঙ্গে থানায় গিয়ে পুলিশের কাছে নিজের সুস্থ থাকার কথা জানিয়েছেন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অপরাধ (দক্ষিণ) বিভাগের উপ-পুলিশ কমিশনার এস এম শফিকুল ইসলামের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তির বিবরণ অনুযায়ী, মঙ্গলবার দুপুর ২টার দিকে মধ্যাহ্নবিরতি শেষে ফিন বাংলা অ্যাপারেলসের শ্রমিকেরা কারখানায় প্রবেশের সময় কয়েকজন বহিরাগত ব্যক্তি তাঁদের বাধা দেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। ওই সময় কারখানার সুইং অপারেটর মোছা. দিলরুবা আক্তার মিলি (আইডি নম্বর-৭৩৮৮) সামান্য আহত হন। পরে সহকর্মীদের সহায়তায় স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়ে তিনি বাসায় ফিরে যান।

পুলিশ জানায়, এই ঘটনার পর কারখানার আশপাশে দিলরুবা নিহত হয়েছেন বলে গুজব ছড়িয়ে পড়ে। মৃত্যুর খবর শুনে সন্ধ্যায় ফিন বাংলা অ্যাপারেলসের সামনে ২৫০ থেকে ২৮০ জন শ্রমিক জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন।

পরিস্থিতি জানার পর দিলরুবা নিজেই কারখানা কর্তৃপক্ষের সঙ্গে গাছা থানায় উপস্থিত হন। সেখানে তিনি পুলিশের কাছে নিজের সুস্থতার কথা জানান এবং দুপুরের ঘটনার বিস্তারিত বিবরণ তুলে ধরেন।

পুলিশের বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, পুরো বিষয়টি পর্যালোচনা করে গাছা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) নথিভুক্ত করা হয়েছে। গুজব ছড়ানোর নেপথ্য কারণ এবং বহিরাগতদের বাধাদানের বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।