বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

নবাবগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ৫ মাদকসেবীকে কারাদণ্ড

অলিউর রহমান মিরাজ

ডিসেম্বর ২৭, ২০২৫, ০৩:৫৪ পিএম

নবাবগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ৫ মাদকসেবীকে কারাদণ্ড

ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরের নবাবগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫ মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (২৬ ডিসেম্বর) রাতে উপজেলা প্রশাসন ও থানা পুলিশের যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়।

আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনতাসির মাহফুজ। এসময় মাদক সেবনের অপরাধে আটককৃত ৫ জনের প্রত্যেককে ২ মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।

সাজাপ্রাপ্তরা হলেন—উপজেলার সোনাকানি গ্রামের আজগর আলী, আন্দোল গ্রামের রবিউল ইসলাম, আন্দোলগ্রাম (নয়াপাড়া) এলাকার আজাদ আলী, ইলিয়াস আলী ও মাহাতাব আলী।

নবাবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) গোলাম মোস্তফা জানান, মাদক নির্মূলে পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবে তাদের আটক করা হয়েছিল। ভ্রাম্যমাণ আদালত সাজা প্রদানের পর শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে তাদের দিনাজপুর জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

উপজেলা প্রশাসন জানিয়েছে, নবাবগঞ্জকে মাদকমুক্ত করতে এ ধরনের ঝটিকা অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।