আগস্ট ১০, ২০২৫, ০১:৩২ পিএম
রাজধানীর তেজগাঁও থানাধীন একটি শপিংমলে অভিযান চালিয়ে 'ধাক্কা মারা' চক্রের দুই সক্রিয় নারী সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার (৮ আগস্ট) বিকেলে এই গ্রেপ্তার অভিযান চালানো হয়। রোববার (১০ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
গ্রেপ্তারকৃতরা হলেন জুথী আক্তার শ্রাবন্তী ওরফে যুথী আক্তার জ্যোতি ওরফে লিমা আক্তার (২২) এবং শাহনাজ বেগম (৪২)।
ডিসি মুহাম্মদ তালেবুর রহমান জানান, ওই দুই নারী শপিংমলের সপ্তম তলার লিফটের সামনে কৌশলে এক নারীকে ধাক্কা মেরে তার ভ্যানিটি ব্যাগ থেকে নগদ ৪০ হাজার টাকা চুরি করে। ভুক্তভোগী বিষয়টি বুঝতে পেরে স্বামীকে সঙ্গে নিয়ে চিৎকার করলে নিরাপত্তা প্রহরীরা এগিয়ে আসেন। তাদের সহায়তায় এই দুই নারীকে হাতেনাতে আটক করা হয়। তবে তাদের সঙ্গে থাকা অজ্ঞাতপরিচয় আরও দুই সহযোগী ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়।
ঘটনাস্থলে উপস্থিত আরও দুই নারী ভুক্তভোগী জানান, তাদের কাছ থেকেও যথাক্রমে এক লাখ টাকা এবং ৪.৫ গ্রাম ওজনের একটি স্বর্ণের টিকলি (আনুমানিক মূল্য ৬৪ হাজার ৫০০ টাকা) ও ১০ হাজার টাকা চুরি হয়েছে।
ডিসি মুহাম্মদ তালেবুর রহমান আরও জানান, গ্রেপ্তারকৃত আসামিরা চুরির কথা স্বীকার করেছে। তেজগাঁও থানা পুলিশ ও নারী পুলিশের সহায়তায় যুথী আক্তারের ভ্যানিটি ব্যাগ থেকে নগদ এক লাখ ৫০ হাজার টাকা এবং স্বর্ণের টিকলি উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, আসামি যুথী আক্তার একটি আন্তঃজেলা পকেটমার চক্রের নেত্রী। তার নেতৃত্বে এই সংঘবদ্ধ চক্রটি ঢাকাসহ সারাদেশের বিভিন্ন শপিংমল, রাস্তা এবং গণপরিবহনে চুরি করে আসছে। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় মোট ১৪টি মামলা রয়েছে। এই সর্বশেষ চুরির ঘটনায় তেজগাঁও থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।



দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন