নভেম্বর ১৩, ২০২৫, ০৪:৫১ পিএম
দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহিন সুলতানা বলেছেন, দেশের আর্থ-সামাজিক উন্নয়নকে বেগবান করতে হলে বিপুল সংখ্যক প্রতিবন্ধী মানুষকে রাষ্ট্রের মূল স্রোতধারায় সম্পৃক্ত করতে হবে। প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপবৃত্তি প্রদান কর্মসূচির মাধ্যমে তারা সমাজে অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ পাচ্ছে।
তিনি বলেন, প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা নিশ্চিত করার জন্য ‘প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন-২০১৩’ প্রণীত হয়েছে।
তিনি প্রতিবন্ধী বলতে শারীরিক, মানসিক, বুদ্ধিগত, বিকাশগত বা ইন্দ্রিয়গত ক্ষতির কারণে সমাজে পূর্ণ ও কার্যকর অংশগ্রহণে বাধাগ্রস্ত হওয়া ব্যক্তিকে বুঝিয়েছেন।
গতকাল বৃহস্পতিবার (১৩ নভেম্বর) উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে উপজেলা সমাজসেবা কার্যালয়, সদর, দিনাজপুর-এর আয়োজনে পৃথক দুটি সেমিনারে সভাপতির বক্তব্যে ইউএনও শাহিন সুলতানা এই কথাগুলো বলেন।সেমিনার দুটির শিরোনাম ছিল— “প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন-২০১৩” এবং “প্রতিবন্ধী শিশুদের মূল স্রোতধারায় অন্তর্ভুক্তিতে সমাজসেবা অধিদপ্তরের শিক্ষা উপবৃত্তি কর্মসূচির তাৎপর্য”।
সভায় “প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন-২০১৩” শীর্ষক মূল প্রবন্ধ পাঠ করেন জেলা সমাজসেবা কার্যালয়, দিনাজপুরের উপপরিচালক মোঃ আব্দুল মতিন। “প্রতিবন্ধী শিশুদের মূল স্রোতধারায় অন্তর্ভুক্তিতে সমাজসেবা অধিদপ্তরের শিক্ষা উপবৃত্তি কর্মসূচির তাৎপর্য” শীর্ষক প্রবন্ধ পাঠ ও সঞ্চালকের দায়িত্ব পালন করেন উপজেলা সমাজসেবা অফিসার গোলাম আযম।মুক্ত আলোচনায় বিভিন্ন বিষয়ে আলোচনা করেন সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মুনির হোসেন, সহকারী পরিচালক রুকুনুজ্জামান মন্ডল, ডাঃ বিপাশা রায় এবং উপজেলা একাডেমিক সুপার ভাইজার নির্মল কুমার রায়।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন