সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬,

দিনাজপুরে সাবেক সেটেলমেন্ট অফিসারের বিরুদ্ধে দুদকের মামলা

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২৪, ২০২৫, ০৭:৪২ পিএম

দিনাজপুরে সাবেক সেটেলমেন্ট অফিসারের বিরুদ্ধে দুদকের মামলা

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগে দিনাজপুরের সাবেক সহকারী সেটেলমেন্ট অফিসার একেএম এনায়েতুর রহমান-এর বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

২৩ নভেম্বর (রবিবার) দুদকের দিনাজপুর জেলা কার্যালয় মামলাটি দায়ের করে। আসামি একেএম এনায়েতুর রহমান (৬৪) পার্বতীপুর উপজেলার উচুটিয়া গ্রামের মৃত গহের আলীর ছেলে।

দুদক জানায়, এনায়েতুর রহমান ২০১১ সাল থেকে ২০২৩ সালের ১৬ জানুয়ারি পর্যন্ত মোট ১ কোটি ৯৯ হাজার ২৫৭ টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করে ভোগদখলে রাখেন।

এছাড়া, তিনি কমিশনে দাখিলকৃত সম্পদ বিবরণীতে ২৫ লাখ ৮৫ হাজার ১৫০ টাকা মূল্যের সম্পদের তথ্য গোপন করেন।দুদকের তদন্তে দেখা গেছে, তার নিকট মোট ১ কোটি ৮১ লাখ ৫৪ হাজার ৬৬২ টাকার স্থাবর-অস্থাবর সম্পদ পাওয়া গেছে, যা তার দাখিলকৃত বিবরণের চেয়ে বেশি। গ্রহণযোগ্য আয়, ব্যয় এবং সম্পদ হিসাব বিশ্লেষণে তার আয়ভুক্ত না হওয়া ১ কোটি ৯৯ হাজার ২৫৭ টাকা মূল্যের সম্পদের উৎসের কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি।

এ বিষয়ে দুদক দিনাজপুর কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মোছা. কামরুন্নাহার সরকার বাদী হয়ে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪-এর ২৬(২) ও ২৭(১) ধারায় মামলাটি দায়ের করেন। মামলাটির তদন্ত কর্মকর্তা হিসেবে দুদকের সহকারী পরিচালক মো. নূর আলমকে দায়িত্ব দেওয়া হয়েছে।