রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

দীপশিখার অ্যাডভোকেসি সভা প্রতিবন্ধীদের জন্য একীভূত শিক্ষা অপরিহার্য

মো: মামুনুর রশিদ

নভেম্বর ২৯, ২০২৫, ০২:৪৭ পিএম

দীপশিখার অ্যাডভোকেসি সভা প্রতিবন্ধীদের জন্য একীভূত শিক্ষা অপরিহার্য

ছবি-দিনাজপুর টিভি

বিরল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইন্দ্রজিৎ সাহা বলেছেন, যে কোনো মানুষের জন্য শিক্ষা একটি মহামূল্যবান মাধ্যম, যার দ্বারা সমাজে প্রতিষ্ঠিত হওয়া সম্ভব।

সমাজে যে সুবর্ণ নাগরিকরা (প্রতিবন্ধী ব্যক্তি) আছেন, তারা যেন নিজেদের দুর্বল না ভেবে দৃঢ় মনোবল নিয়ে শিক্ষার সর্বোচ্চ স্তর পর্যন্ত পৌঁছাতে পারেন।

আজ শনিবার (২৯ নভেম্বর) বিরল উপজেলা পরিষদের সভাকক্ষে বেসরকারি উন্নয়ন সংস্থা দীপশিখা-র আয়োজনে 'প্রতিবন্ধী শিশু ও যুবদের জীবন মান উন্নয়নে একীভূত শিক্ষা ও প্রবেশগম্যতা বিষয়ক অ্যাডভোকেসী সভা'য় সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

লিলিয়ান ফন্ডস-এর অর্থায়নে এবং সেন্টার ফর ডিজএ্যাবিলিটি ইন ডেভেলপমেন্ট (সিডিডি)-এর সার্বিক সহযোগিতায় "দি মিনিংফুল পার্টিসিপেশন এন্ড ইনক্লুশন অফ চিলড্রেন এন্ড ইয়ুথস উইথ ডিজএ্যাবিলিটি ইন অল ডোমেইনস অফ কমিউনিটি বেসড রিহেবিলিটেশন" প্রকল্পের অধীনে এই সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় প্রকল্পের বিষয় নিয়ে স্বাগত বক্তব্য রাখেন দীপশিখার প্রকল্প সমন্বয়ক হিমাংশু দেব দত্ত রায়। মুক্ত আলোচনায় অংশ নেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মূর্শিদা খাতুন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রাবেয়া খাতুন এবং সুবর্ণ নাগরিক নাইম হাসান।এছাড়াও সভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর, উপজেলা থানা ইনচার্জের প্রতিনিধি এবং সিবিআর অফিসার শিমু।