আবুল হাসান
ডিসেম্বর ৩, ২০২৫, ০৫:৫৭ পিএম
ছবি-দিনাজপুর টিভি
দিনাজপুরের বীরগঞ্জে "মৃতদের সম্মান রক্ষা কর, কবরস্থান দখলকারীর প্রচেষ্টাকে প্রতিহত কর"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কবরস্থান দখলের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
আজ বুধবার (৩ ডিসেম্বর) বড় করিমপুর এলাকাবাসীর আয়োজনে কবরস্থান সংলগ্ন সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অভিযোগ করা হয়, অনাদিকাল থেকে ব্যবহৃত বড় করিমপুর দর্গাডাঙ্গা কবরস্থানটি কতিপয় ব্যক্তি ভুয়া কাগজপত্র ও মিথ্যা দাবি দেখিয়ে দখলের পাঁয়তারা করছে। এ ঘটনায় এলাকাবাসী তীব্র ক্ষোভ প্রকাশ করেন।
মানববন্ধনে অংশ নেওয়া বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বলেন, কবরস্থানটি তাদের পূর্বপুরুষের স্মৃতি ও ধর্মীয় দায়বদ্ধতার সঙ্গে জড়িত। তাই কোনো অবস্থাতেই এটি দখল হতে দেওয়া হবে না। তাঁরা দ্রুত দখলচেষ্টার বিরুদ্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপের দাবি জানান।