সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

শিশু বিবাহ ও শিশু শ্রম বন্ধে বিরলে সচেতনতামূলক ফুটবল ম্যাচ

আতিউর রহমান

ডিসেম্বর ৯, ২০২৫, ০৮:৩৯ পিএম

শিশু বিবাহ ও শিশু শ্রম বন্ধে বিরলে সচেতনতামূলক ফুটবল ম্যাচ

ছবি-দিনাজপুর টিভি

শিশু বিবাহ ও শিশু শ্রমের মতো সামাজিক ব্যাধি বন্ধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে দিনাজপুরের বিরলে একটি বন্ধুত্বপূর্ণ ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।আজ মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকালে বিরল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে এই ম্যাচটি অনুষ্ঠিত হয়।

বিরল আর্দশ সরকারি উচ্চ বিদ্যালয় ও বিরল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের মধ্যে এই ফুটবল ম্যাচটি খেলা হয়।

বিরল এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর সহযোগিতায় এবং শিশু ও যুব ফোরামের আয়োজনে বন্ধুত্বপূর্ণ ফুটবল ম্যাচের মাধ্যমে একটি ক্যাম্পেইন পরিচালনা করা হয়। ফুটবল ম্যাচটি আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক আহমেদ।

ফুটবল খেলাটি উৎসবমুখর পরিবেশে দুই প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় দর্শকদের উপস্থিতিতে সম্পন্ন হয়। এই ক্রীড়া অনুষ্ঠানের মাধ্যমে শিশুদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করা সম্পর্কে সচেতন করার বিষয়টি তুলে ধরা হয়।আয়োজকরা এই ইভেন্টের মাধ্যমে শিশু বিবাহ ও শিশু শ্রম বন্ধে আরও সচেতন হতে সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান।

এসময় উপস্থিত ছিলেন বিরল এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর প্রোগ্রাম অফিসার এন্টিনা দাস, তিথী সিং, গোলাম সাকলায়েন এবং জুনিয়র প্রোগ্রাম অফিসার সুশান্ত কুমার রায়। ফুটবল ম্যাচটি পরিচালনা করেন রেফারি আহসান হাবীব আপেল।