অলিউর রহমান মিরাজ
ডিসেম্বর ১১, ২০২৫, ০৩:৩০ পিএম
ছবি-দিনাজপুর টিভি
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় কনকনে শীতে চরম বিপাকে পড়েছেন গরিব-অসহায় শীতার্ত মানুষ। এই শীতে সবচেয়ে বেশি কষ্টে রয়েছেন সমাজের ছিন্নমূল ও দরিদ্র মানুষেরা।
এই অসহায় শীতার্ত মানুষের শীতের কষ্ট লাঘবে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জিল্লুর রহমান গত বুধবার (১০ ডিসেম্বর) গভীর রাতে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে সরকারি বরাদ্দকৃত কম্বল নিয়ে হাজির হন।
ইউএনও মো. জিল্লুর রহমান ছিন্নমূল, অসহায়, দরিদ্র, শ্রমজীবী মানুষ ও এতিম শিশুদের মাঝে এই শীতের কম্বল বিতরণ করেন।
নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জিল্লুর রহমান বলেন, "উপজেলার বিভিন্ন পয়েন্টে দুস্থ ও অসহায় মানুষকে খুঁজে খুঁজে কম্বল পৌঁছে দিচ্ছি। শীতের কষ্ট সেই বুঝবে যার কাছে শীত নিবারণের মতো কোনো বস্ত্র নেই। একজন শীতার্ত মানুষের গায়ে একটি কম্বল দিতে পারা অনেক আনন্দের বিষয়।
তিনি আরও বলেন, "আমাদের প্রত্যেককে স্ব স্ব অবস্থান থেকে জনসেবায় নিজেকে আত্মনিবেদন করতে হবে। জনসেবায় আত্মনিবেদন করা পরম ইবাদত।"