এনামুল মবিন (সবুজ)
ডিসেম্বর ১৬, ২০২৫, ০৭:১২ পিএম
ছবি-দিনাজপুর টিভি
দিনাজপুরের চিরিরবন্দরে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়।
আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা করা হয়।
তোপধ্বনির পর উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে এবং মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী অফিসার ফাতেহা তুজ জোহরা সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।
সকাল ৮টায় কেন্দ্রীয় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য আলহাজ আখতারুজ্জামান মিয়ার নেতৃত্বে বিএনপিসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ ও মোনাজাত করে।সকাল সাড়ে ৮টায় চিরিরবন্দর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে কুচকাওয়াজ এবং মনোজ্ঞ ডিসপ্লে অনুষ্ঠিত হয়।
এরপর উপজেলা চত্বরে বিজয় মেলা উদ্বোধন করা হয়। সবশেষে উপজেলা সম্মেলন কক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানগুলোতে সকল কর্মকর্তা, সাংবাদিক, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দসহ সর্বস্তরের লোকজন স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।