ডিসেম্বর ২৫, ২০২৫, ০৮:০৭ পিএম
শুভ বড় দিন উপলক্ষে দিনাজপুরের কাহারোল উপজেলার বিভিন্ন গির্জা ও চার্চ পরিদর্শন করেছেন উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ১১টা থেকে দুপুর পর্যন্ত উপজেলার ৬টি ইউনিয়নের গুরুত্বপূর্ণ গির্জাগুলো পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক মোকলেদা খাতুন মীম এবং সহকারী কমিশনার (ভূমি) প্রবীর বিশ্বাস।
পরিদর্শনকালে তাঁরা উপজেলার মুকুন্দপুর ইউনিয়নের বিক্রমপুর গ্রাম, রামচন্দ্রপুর ইউনিয়নের তেলিঙ্গীর বাজার, ডাবোর ইউনিয়নের উত্তর নওগাঁ।
রসুলপুর ইউনিয়নের তরলা এবং তারগাঁও ইউনিয়নের কাঠনা গ্রামসহ বিভিন্ন এলাকায় খ্রিস্টান ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় করেন এবং উৎসবের খোঁজ-খবর নেন।
ইউএনও মোকলেদা খাতুন মীম বড় দিনের শুভেচ্ছা জানিয়ে বলেন, "সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশে সবাই উৎসবমুখর পরিবেশে নিজ নিজ ধর্ম পালন করছেন। খ্রিস্টান ধর্মাবলম্বীদের এই বড় উৎসবে নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় প্রশাসন সজাগ রয়েছে।গির্জা পরিদর্শনকালে কাহারোল উপজেলা খ্রিস্টান অ্যাসোসিয়েশনের সভাপতি ও পাস্তর রবীন মার্ডী, রেভারেন্ড দিলীপ রায়, পাস্তর যোশেফ হাসদা, রঞ্জন মূরমু ও রয়েল বেশরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, কাহারোল উপজেলার ৬টি ইউনিয়নের মোট ৭৪টি গির্জায় আজ যথাযথ ধর্মীয় মর্যাদায় যিশু খ্রিস্টের শুভ জন্মদিন (বড় দিন) পালিত হচ্ছে। প্রতিটি গির্জায় আনন্দঘন পরিবেশ ও বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন