জানুয়ারি ১, ২০২৬, ০৮:২৫ পিএম
তীব্র শীতে কাঁপছে উত্তরের সীমান্ত জনপদ। হিমেল হাওয়ায় বিপর্যস্ত দিনাজপুরের সীমান্তবর্তী এলাকার অসহায় ও প্রান্তিক মানুষের পাশে দাঁড়িয়েছে সদর উপজেলা প্রশাসন।
বুধবার (১ জানুয়ারি) সন্ধ্যায় সদর উপজেলার কমলপুর ইউনিয়নের প্রত্যন্ত গ্রামে ৫০টি আদিবাসী শিং সম্প্রদায় ও অতিদরিদ্র পরিবারের মাঝে ব্যক্তিগতভাবে কম্বল পৌঁছে দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তমালিকা পাল।
জেলা প্রশাসকের নির্দেশনায় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত এসব শীতবস্ত্র নিয়ে ইউএনও নিজেই অজপাড়াগাঁয়ের মানুষের দুয়ারে হাজির হন।
হাড়কাঁপানো শীতে একটি কম্বল পেয়ে আনন্দিত হয়ে পড়েন দীর্ঘদিনের অবহেলিত শিং সম্প্রদায়ের মানুষজন।কম্বল বিতরণকালে ইউএনও তমালিকা পাল বলেন, সীমান্তবর্তী এলাকার মানুষ প্রচণ্ড শীতে কষ্টে আছেন। সরকারের পক্ষ থেকে আমরা চেষ্টা করছি কোনো অসহায় মানুষ যেন শীতবস্ত্র ছাড়া না থাকে। এই মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ফেরদৌস আহমেদ, কমলপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা সমবায় অফিসার মো. হাফিজুর ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার নির্মল কুমার রায় এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রশাসনের এমন তৎপরতাকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন